কিমানা বন্যপ্রাণী অভয়ারণ্যে বার্ষিক মাসাই অলিম্পিক্স প্রতিযোগিতার অংশ নেওয়ার পর ডেভিড রুদিশা দেশে ফেরার বিমান ধরেন। বিমানটি ছাড়ার পর দুর্ঘটনার কবলে পড়ে। তবে কেউ হতাহত হননি।
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কেনিয়ার অ্যাথলিট দু’বারের ৮০০ মিটার দৌড়ে অলিম্পিক্স চ্যাম্পিয়ন ডেভিড রুদিশা। জানা গিয়েছে, তিনি যে বিমানিটতে ছিলেন সেটি দুর্ঘটনার কবলে পড়ে। একটি ক্রীড়া ইভেন্ট থেকে ফিরছিলেন তিনি। ঠিক সেই সময় ঘটে দুর্ঘটনা। শনিবার দক্ষিণ-পূর্ব কেনিয়ার কাজিয়াডো কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
কিমানা বন্যপ্রাণী অভয়ারণ্যে বার্ষিক মাসাই অলিম্পিক প্রতিযোগিতার শেষে ডেভিড রুদিশা সহ আরও পাঁচ জন বিমানটিতে চড়েন। যাত্রা শুরু হবার কিছুক্ষণ পর সমস্যার মুখোমুখি হন পাইলট। তিনি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। লন্ডন ও রিও অলিম্পিক্সে স্বর্ণপদক জয়ী ৩৩ বছরের অ্যাথলিট ডেভিড রুদিশা বলেন, ‘যাত্রা শুরুর ৭-৮ মিনিট সব ঠিকই ছিল। কিছুক্ষণ পরেই বিমানটির ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বিমান চালক। আমরা সবাই চিন্তিত হয়ে পড়ি। বুঝতে পারছিলাম না কী হবে।’
তিনি আরও জানান, ‘পাইলট একটি ফাঁকা জায়গা দেখতে পেয়ে সেখানে অবতরণের চেষ্টা করেছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি। বিমানটির উইংসে কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে বিমানটি ঘুরতে থাকে। তবে শেষ পর্যন্ত সব ঠিকই আছে। আমার এবং সহযাত্রীদের সামান্য আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র কেনিয়া মাস্টার্স অ্যাথলেটিক্সের চেয়ারম্যান স্টিফেন ওলে মারাইকে পাঁজরের আঘাতের ফলে চিকিৎসার জন্য নাইরোবির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’
ডেভিড রুদিশা বলেন, ‘এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। এই ধরণের অভিজ্ঞতা এর আগে কখনও ঘটেনি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সেই সময় শুধু ভগবানকে ডাকা ছাড়া আর কিছুই করা যায়নি। বিমানটি যাতে বড়সড় দুর্ঘটনার কবলে না পড়ে তার জন্য বিমান চাকল অনেক চেষ্টা করেছেন। ওনার অভিজ্ঞতার জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলাম আমরা।’
সূএ: হিন্দুস্তান টাইম্স