মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে। আজ বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধন শেষে এ স্মারক আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল থেকে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।
৫০ টাকা অভিহিত মূল্যের স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সম্বলিত ফোল্ডার তৈরি করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধু খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১৩০ মিমি এবং ৬০ মিমি পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে মেট্রোরেলের ছবি সংযোজন করা হয়েছে। নোটের পেছনভাগে মেট্রোরেলের আরেকটি ছবি সংযোজন করা হয়েছে।
নোটের সামনের অংশে শিরোনাম ‘বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রোরেল’ এবং অপর পিঠে ‘চলবে মানুষ, বাঁচবে সময় এবং পরিবেশ’ ইংরেজিতে মুদ্রিত রয়েছে।