ভারতে ঘন কুয়াশায় বিমান চলাচল ব্যাহত

বিগত কিছুদিন ধরে ভারতে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশায় আজ সোমবারে দেশটির রাজধানী দিল্লিতে অনেক ফ্লাইটের উড্ডয়ন-অবতরণ বিলম্বিত হয়েছে। পাশাপাশি আগামী এক সপ্তাহ পর্যন্ত দেশের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইটের নতুন সময়সূচির জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত দিল্লি এবং উত্তর ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মতো পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং বিহারের অনেক অংশে ঘন থেকে খুব ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে আগামী দুই দিনের মধ্যে বিমান, সড়ক ও ট্রেন চলাচল প্রভাবিত হতে পারে। পাশাপাশি মানুষ ফুসফুস সংক্রান্ত স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারে বলেও জানিয়েছে তারা।

ভারতের দিল্লির অনেক স্কুল রবিবার পর্যন্ত বন্ধ ছিল এবং সোমবারে খোলার কথা ছিল। কিন্তু তীব্র শীতের কারণে স্কুল ছুটি আগামী এক সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবারে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা বছরের এই সময়ের জন্য স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।

ভারতে যখন সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে বা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে বা তার নিচে নেমে যায়, তখন শৈত্যপ্রবাহ চলছে বলে ঘোষণা করা হয়।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.