ব্র্যাড পিটের সঙ্গে ‘সেপারেশনের’ পর ছয় সন্তানকে নিয়ে কোথায় আছেন অ্যাঞ্জেলিনা জোলি! বিষয়টি এত দিন গোপন ছিল। সম্প্রতি জানা গেল, সন্তানদের নিয়ে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার মালিবুর একটি ভাড়া বাড়িতে উঠেছেন জোলি। প্রতি মাসে তাঁকে ওই বাড়ির ভাড়া গুনতে হচ্ছে প্রায় ৯৫ হাজার মার্কিন ডলার।
একটি সূত্র জানায়, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই নাকি সন্তানদের নিয়ে নতুন ওই বাড়িতে থাকতে শুরু করেছেন এই অভিনেত্রী। হাতে সময় কম থাকায় অনেকটা তাড়াহুড়া করেই বাড়িটি ভাড়া নিতে হয়েছে তাঁকে। ফলে বাড়ির চাকচিক্যের বদলে তাঁকে নজর দিতে হয়েছে সন্তানদের নিরাপত্তার বিষয়ে।
অ্যাঞ্জেলিনা জোলি তাঁর স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেন সেপ্টেম্বরের ২০ তারিখ। আদালতের কাছে আবেদনে জোলি জানিয়েছেন, সন্তানদের তিনি নিজের কাছেই রাখতে চান। ব্র্যাড কেবল মাঝেমধ্যে তাঁদের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন। তালাকের আবেদনে বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে জোলি লিখেছিলেন, সন্তানদের সঙ্গে বাজে আচরণ করেন ব্র্যাড। এ নিয়ে এখনো তদন্ত করছে এফবিআই।
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির নিজেদের সন্তান তিনজন। বাকি তিনজনকে বিভিন্ন দেশ থেকে দত্তক নিয়েছেন তাঁরা। ইন্ডিয়ান এক্সপ্রেস।