ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে চূড়ান্ত চুক্তির পথে বাংলাদেশ–জাপান
বিশেষ প্রতিনিধি : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এর তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি স্বাক্ষরের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জাপানের পক্ষ থেকে সংশোধিত ও কম ব্যয়ের প্রস্তাব জমা দেওয়ার পর আলোচনায় নতুন গতি এসেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) সূত্রে জানা গেছে, আগামী কাল ৩ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠকেই চুক্তির ভাগ্য নির্ধারিত হতে পারে। এই বৈঠকে সমঝোতা হলে দীর্ঘদিনের বিলম্ব কাটিয়ে দেশের অন্যতম বৃহৎ এভিয়েশন অবকাঠামো প্রকল্পটি চালু করার পথ খুলে যাবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাপানি কনসোর্টিয়াম তাদের নতুন প্রস্তাবে সার্ভিস চার্জ, অপারেশনাল নিয়ন্ত্রণ এবং রাজস্ব ভাগাভাগি সংক্রান্ত পূর্বের আপত্তিগুলো সমাধানের চেষ্টা করেছে। এর ফলে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য অনেকটাই কমে এসেছে।
এর আগে গত ১৩ মার্চ দুই দেশের মধ্যে স্থগিত আলোচনা পুনরায় শুরু হয়। এরপর ধারাবাহিক কারিগরি বৈঠকে প্রস্তাবের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। সর্বশেষ সংশোধিত প্রস্তাব আলোচনাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
CAAB চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফা মাহমুদ সিদ্দিক সম্প্রতি কারিগরি বৈঠকের অগ্রগতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে অবহিত করেন। কর্মকর্তারা আশা করছেন, ৩ এপ্রিলের বৈঠকের পর আগামী সপ্তাহেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে।
দীর্ঘদিন ধরে পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত জটিলতার কারণে তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে এভিয়েশন খাতে সমালোচনাও রয়েছে। তবে নতুন করে আলোচনার অগ্রগতিতে এখন আশাবাদ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, তৃতীয় টার্মিনাল চালু হলে ঢাকা বিমানবন্দরের যাত্রী চাপ অনেকটাই কমবে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে।
