বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, বাংলাদেশ বিমান এখন লাভজনক প্রতিষ্ঠান।
তবে এই লাভ আরও বাড়াতে এবং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে নিতে নতুন উড়োজাহাজ সংযোজনের সুযোগ রয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের এমপি সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরও জানান, বিমান শুধু যাত্রী পরিবহনেই আয় করছে না, দেশি-বিদেশি এয়ারলাইনসকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়েও বিপুল রাজস্ব পাচ্ছে।
তবে পুরোপুরি আন্তর্জাতিক মানে পৌঁছাতে আরও আধুনিকায়ন দরকার।
বর্তমান বড় সংকট উড়োজাহাজের অভাব। এই সমস্যা সমাধানে সরকার কাজ করছে। ‘নেটওয়ার্ক ও ফ্লিট প্ল্যান’ অনুযায়ী নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চলছে।
পুরোনো উড়োজাহাজ বহর থেকে তুলে ফেলা হচ্ছে এবং নতুন আসার আগ পর্যন্ত লিজ ভিত্তিতে উড়োজাহাজ এনে ফ্লাইট চালানোর চেষ্টা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী যাত্রীসেবা নিশ্চিত করতে অনলাইন টিকিটিং চালু করা হয়েছে, যা যাত্রীদের হয়রানি কমিয়েছে।
এছাড়া কর্মীদের আচরণগত প্রশিক্ষণ ও তদারকি বাড়ানো হয়েছে।
উড়োজাহাজ স্বল্পতার মধ্যেও বিমান গড়ে ৮০ শতাংশ অন টাইম পারফরম্যান্স (ওটিপি) বজায় রেখেছে বলে জানান মন্ত্রী।
নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হলে বিমানের আয় আরও কয়েকগুণ বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
