আকাশে এবার দোতলা বিছানা! ১৭ ঘণ্টার উড়ানে নিশ্চিন্তে ঘুমাবে ইকোনমি ক্লাসের যাত্রীরা।
দীর্ঘ বিমান যাত্রার ক্লান্তি কাটাতে আর বিজনেস ক্লাসের মহার্ঘ টিকিটের দরকার নেই। সাধারণ যাত্রীদের জন্য বাঙ্ক বেডের সুবিধা আনল এয়ার নিউজিল্যান্ড।
সম্প্রতি নিউইয়র্কের এক অনুষ্ঠানে ‘স্কাইনেস্ট’ নামের এই স্লিপিং পডের পর্দা উন্মোচন করেছে অকল্যান্ডের বিমান সংস্থাটি। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমানে থাকছে এই ব্যবস্থা।
আগামী নভেম্বর থেকে নিউইয়র্ক–অকল্যান্ড রুটে ১৭ ঘণ্টার ফ্লাইটে চালু হচ্ছে এটি।
একেক ব্লকে ছয়টি শয্যা থাকবে, একটির ওপরে আরেকটি—ঠিক ট্রেনের স্লিপার বার্থের মতো। নরম তোশক, বালিশ, কম্বল, গোপনীয়তার পর্দা আর ইউএসবি প্লাগ থাকছে প্রতিটি পডে। যাত্রীরা চার ঘণ্টার স্লট বুক করতে পারবেন।
তবে আরামের দাম কিছুটা বেশি। ইকোনমি টিকিটের বাইরে চার ঘণ্টার ঘুমের জন্য দিতে হবে অতিরিক্ত ৪৯৫ মার্কিন ডলার।
সময় শেষ হলে নিজেই আলো জ্বলে উঠবে, কিংবা ক্রু এসে ডেকে দেবেন।
এয়ার নিউজিল্যান্ডের এই উদ্যোগে উৎসাহিত হয়ে ইউনাইটেড এয়ারলাইন্স, ভিয়েতনাম এয়ারলাইন্স, আজুল এয়ারলাইন্সও আরামদায়ক বসার ব্যবস্থা আনছে। সাধারণ যাত্রীরাও এবার মাঝ আকাশে পেতে পারেন নিশ্চিন্ত ঘুমের ঠিকানা।
