ঢাকা রুটে ফের চালু হচ্ছে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট

ট্রানজিট হবে দাম্মাম

দাম্মাম হয়ে ঢাকা রুটে ফ্লাইট পুনরায় চালু করছে Kuwait Airways

স্টাফ রিপোর্টার : ঢাকা-মধ্যপ্রাচ্য আকাশপথে সংযোগ বাড়াতে সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকা রুটে পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে কুয়েতের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা Kuwait Airways।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ এপ্রিল থেকে সপ্তাহে দুইদিন এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এয়ারলাইনটির ভারপ্রাপ্ত সিইও Abdulwahab Al-Shatti জানান, নেটওয়ার্ক সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা রুটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্রমবর্ধমান যাত্রীচাহিদা মেটাতে ভবিষ্যতে আরও রুট চালুর পরিকল্পনাও রয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দাম্মাম হয়ে পরিচালিত অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর মধ্যে রয়েছে লন্ডন, কায়রো, ইস্তাম্বুল, লাহোর, আম্মান, মুম্বাই ও দিল্লি। বর্তমানে Kuwait Airways মোট ১৪টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

যাত্রীসেবার মান বাড়াতে নতুন কিছু সুবিধাও যুক্ত করেছে সংস্থাটি। পূর্ব বুকিংয়ের মাধ্যমে সৌদি আরবের ভিসা আবেদন করার সুযোগ চালু করা হয়েছে, যা ট্রানজিট যাত্রীদের জন্য ভ্রমণকে আরও সহজ করবে।

এছাড়া যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় রাখা হচ্ছে বলেও জানিয়েছেন আল শাত্তি।

এদিকে যাত্রীদের ট্রানজিট সংক্রান্ত নিয়মাবলি ও টিকিট বুকিংয়ের আগে এয়ারলাইনটির অফিসিয়াল সূত্র থেকে সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই রুট চালু হলে বাংলাদেশ-কুয়েত আকাশপথে যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং প্রবাসী যাত্রীদের যাতায়াতে নতুন সুযোগ তৈরি হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN