ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে চার অভিযানে বিপুল পণ্য জব্দ
ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি পৃথক অভিযানে স্বর্ণবার, মদ, ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন, আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম এবং ব্যবহৃত ল্যাপটপ জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি পৃথক অভিযানে স্বর্ণবার, মদ, ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন, আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম এবং ব্যবহৃত ল্যাপটপ জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকা।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, অবৈধ পণ্য আমদানি প্রতিরোধ এবং সরকারি রাজস্ব রক্ষায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
গত ১৫ অক্টোবর সকাল ৭টা ৪৫ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার জব্দ করা হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারির সময় যাত্রী আবদুল্লাহ আল নোমান স্বর্ণালঙ্কার বহনের ঘোষণা দিলেও স্বর্ণবারের বিষয়টি অস্বীকার করেন। পরে কাস্টমস হলরুমে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে স্বর্ণবারটি উদ্ধার করা হয়। আটক স্বর্ণবারটির শুল্ককরসহ আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৬ হাজার টাকা।
একই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৩০ লিটার মদ জব্দ করা হয়। সকাল ১১টায় মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ১৬ লিটার মদ উদ্ধার করা হয়। এ ছাড়া বিমানবন্দরের শৌচাগারে পরিত্যক্ত অবস্থায় ৭ দশমিক ৫ লিটার এবং অন্য দুই যাত্রীর কাছ থেকে আরও ৬ দশমিক ৫ লিটার মদ জব্দ করা হয়। এসব মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
অন্যদিকে, কলম্বো থেকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ইউএল-১৮৯ ফ্লাইটে আসা যাত্রী মো. রাকিব হোসেনের ব্যাগেজ পরীক্ষা করে চার ধরনের ১৫৫টি ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে রেস্টিলেন লিডোকেইন ৫৫টি, রেস্টিলেন লিফট লিডোকেইন ৫৪টি, জুভেডার্ম ভলুমা উইথ লিডোকেইন ৪০টি এবং প্রোফাইলো ছয়টি রয়েছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৭৬ হাজার টাকা। পণ্যগুলোর নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও আমদানির বৈধতা যাচাই করা হচ্ছে।
এ ছাড়া ঢাকার বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৩৭ কার্টনে ১ হাজার ১০৪ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি স্কিন হোয়াইটেনিং ক্রিম এবং ২৩টি ব্যবহৃত কোর আই-৫ ল্যাপটপ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, অননুমোদিত ত্বক ফর্সাকারী ক্রিমে ক্ষতিকর উপাদান থাকার আশঙ্কা রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে দেশের সব শুল্ক স্টেশনে নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।