পর্যটন বাজার সম্প্রসারণে ৫ বছরের চুক্তি করল ভিয়েতনাম এয়ারলাইন্স

পর্যটন বাজার সম্প্রসারণে ২০২৬-২০৩০ মেয়াদের জন্য একটি ব্যাপক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ভিয়েতনাম এয়ারলাইন্স ও সাইগনট্যুরিস্ট গ্রুপ।

আন্তর্জাতিক পর্যটন বাজারে ভিয়েতনামের অবস্থান আরও শক্তিশালী করতে এবং বিমান পরিবহন ও পর্যটন খাতের সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে ২০২৬-২০৩০ মেয়াদের জন্য একটি ব্যাপক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ভিয়েতনাম এয়ারলাইন্সসাইগনট্যুরিস্ট গ্রুপ। দুই প্রতিষ্ঠানের মতে, এই চুক্তি তাদের দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও বিস্তৃত করবে এবং দেশটির পর্যটন শিল্পের বিকাশে নতুন গতি আনবে।

ভিয়েতনাম এয়ারলাইন্স জানায়, নতুন সহযোগিতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যৌথভাবে ব্র্যান্ড ও গন্তব্য প্রচার করবে। পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রচারণা কর্মসূচি আয়োজন, বিমান ভ্রমণ ও পর্যটনকে সমন্বিত করে বিশেষ ভ্রমণ প্যাকেজ তৈরি এবং গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার ও সুবিধা চালু করা হবে।

চুক্তির আওতায় ভিয়েতনামের পর্যটন খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ, নতুন বাজারে প্রবেশ, সেবার মান উন্নয়ন এবং বিমান ও পর্যটনকে ঘিরে একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

দুই প্রতিষ্ঠানের এই নতুন সহযোগিতা গত পাঁচ বছরের সফল অংশীদারত্বের ধারাবাহিকতা। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে তারা যৌথভাবে বিভিন্ন আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশগ্রহণ, নতুন আন্তর্জাতিক রুটের প্রচার, ভিয়েতনামের পর্যটন ব্র্যান্ডিং, সাংস্কৃতিক ও পর্যটনভিত্তিক বড় আয়োজন এবং বিমান ভ্রমণ ও পর্যটন সমন্বিত সেবা প্যাকেজ চালুর মতো নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে।

সরকারের পর্যটন উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। ভিয়েতনাম সরকার ২০৩০ সালের মধ্যে ৩ কোটি ৫০ লাখ আন্তর্জাতিক এবং ১৬ কোটি অভ্যন্তরীণ পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে পর্যটন খাত থেকে জাতীয় অর্থনীতিতে সরাসরি ১৩ থেকে ১৪ শতাংশ জিডিপি অবদান নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়তে থাকায় বিমান পরিবহন ও পর্যটন খাতের সমন্বয় এখন সময়ের দাবি। এই অংশীদারত্ব ভিয়েতনামকে আন্তর্জাতিক পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরতে সহায়ক হবে এবং দেশটিতে দ্বিমুখী পর্যটন প্রবাহ বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

ভিয়েতনাম এয়ারলাইন্স জানিয়েছে, আগামী বছরগুলোতে তারা আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, বিমান ভ্রমণের সঙ্গে পর্যটন পণ্যের সমন্বয় এবং বিশ্বের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে প্রচারণা কার্যক্রম আরও জোরদার করবে। জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন আশা করছে, সাইগনট্যুরিস্ট গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগ ভিয়েতনামের বৈশ্বিক পর্যটন ব্র্যান্ডকে আরও শক্তিশালী করবে এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.