ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু করল রিয়াদ এয়ার

সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার আনুষ্ঠানিকভাবে ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু করেছে।

সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার আনুষ্ঠানিকভাবে ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু করেছে। শনিবার (৮ আগস্ট) সকালে রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের রাজধানীর মধ্যে সরাসরি আকাশপথে নতুন একটি সংযোগ চালু হলো।

রিয়াদ এয়ারের প্রথম ফ্লাইট ঢাকার বিমানবন্দরে পৌঁছালে ওয়াটার স্যালুটের মাধ্যমে উড়োজাহাজটিকে স্বাগত জানানো হয়। এ সময় বিমানবন্দর কর্তৃপক্ষ, রিয়াদ এয়ারের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই রুট চালুর মধ্য দিয়ে বাংলাদেশের এভিয়েশন বাজারে সৌদি আরবের নতুন এই এয়ারলাইনসের আনুষ্ঠানিক প্রবেশ ঘটল।

ফ্লাইট চালু উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৌদি আরবকে বিশ্বের প্রধান শহরগুলোর সঙ্গে যুক্ত করা এবং যাত্রীদের জন্য বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করাই রিয়াদ এয়ারের অন্যতম প্রধান লক্ষ্য। ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর ফলে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে ব্যবসা, বাণিজ্য, পর্যটন ও অবকাশযাত্রার ক্ষেত্রে এই রুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

নতুন রুটে আধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করবে রিয়াদ এয়ার। উড়োজাহাজটি ঢাকা ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। এর ফলে বাংলাদেশি যাত্রীদের জন্য সৌদি আরবে সরাসরি যাতায়াতের পাশাপাশি রিয়াদকে কেন্দ্র করে রিয়াদ এয়ারের ভবিষ্যৎ আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহারের সুযোগও তৈরি হবে।

ফ্লাইটের সময়সূচি অনুযায়ী, রিয়াদ থেকে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। অন্যদিকে ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটে ফ্লাইট ছেড়ে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরে শক্তিশালী জনসম্পর্ক ও অর্থনৈতিক যোগাযোগ রয়েছে। বিপুলসংখ্যক বাংলাদেশি সৌদি আরবে বসবাস ও কর্মরত থাকায় দুই দেশের মধ্যে নিয়মিত বিমান যোগাযোগের চাহিদা রয়েছে। নতুন এই সরাসরি ফ্লাইট চালুর ফলে যাত্রীদের জন্য আরও একটি ভ্রমণ বিকল্প তৈরি হলো।

রিয়াদ এয়ারের ঢাকা-রিয়াদ রুটে দৈনিক ফ্লাইট পরিচালনা বাংলাদেশ-সৌদি আরবের বিমান যোগাযোগ আরও সম্প্রসারিত করার পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক ও পর্যটন সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.