২ সেপ্টেম্বরের ছুটিতে ভিয়েতনামে বাড়ছে ফ্লাইটের চাহিদা

ভিয়েতনামে ২ সেপ্টেম্বর জাতীয় দিবসের পাঁচ দিনের ছুটি সামনে রেখে বিমান ভ্রমণের চাহিদা দ্রুত বাড়ছে।

ভিয়েতনামে ২ সেপ্টেম্বর জাতীয় দিবসের পাঁচ দিনের ছুটি সামনে রেখে বিমান ভ্রমণের চাহিদা দ্রুত বাড়ছে। বছরের ব্যস্ততম গ্রীষ্মকাল শেষ হওয়ার পরও ছুটিকে কেন্দ্র করে বিভিন্ন জনপ্রিয় রুটে ফ্লাইটের টিকিট দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। একই সঙ্গে বাড়ছে বিমান, ট্রেন ও বাসের ভাড়া।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যানয় থেকে ফু কুওক, দা নাং ও অন্যান্য পর্যটনকেন্দ্রগামী ফ্লাইটে বুকিংয়ের চাপ সবচেয়ে বেশি। ছুটির ব্যস্ততম দিন ২৯ আগস্ট এবং ২ সেপ্টেম্বর ঘিরে বিভিন্ন ফ্লাইটের সাশ্রয়ী শ্রেণির আসন দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

হ্যানয়-ফু কুওক রুটে ভিয়েতনাম এয়ারলাইন্সের ২৯ আগস্টের ফ্লাইটগুলোর ভাড়া উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিছু ফ্লাইটে ফ্লেক্সিবল ইকোনমি শ্রেণির একমুখী ভাড়া ৪ দশমিক ২ মিলিয়ন ভিয়েতনামি ডং ছাড়িয়েছে। কয়েকটি সকালের ফ্লাইটে এই ভাড়া ৫ মিলিয়ন ডং পর্যন্ত উঠেছে। প্রিমিয়াম ইকোনমির ভাড়াও প্রায় ৭ মিলিয়ন ডং এবং বিজনেস ক্লাসের ভাড়া ৮ মিলিয়ন ডংয়ের বেশি হয়েছে।

একদিন আগে অর্থাৎ ২৮ আগস্ট ভ্রমণ করলে একই রুটে তুলনামূলক কম খরচে টিকিট পাওয়া যাচ্ছে। এ কারণে যাত্রীরা সময়সূচি কিছুটা পরিবর্তন করে আগেভাগে ভ্রমণের দিকে ঝুঁকছেন।

২ সেপ্টেম্বর ফু কুওক থেকে হ্যানয়ে ফেরার ফ্লাইটেও বুকিংয়ের চাপ রয়েছে। ভিয়েতনাম এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইটে মাত্র অল্পসংখ্যক আসন অবশিষ্ট রয়েছে। কিছু ফ্লাইটের বিজনেস ক্লাসের সব আসন ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

হ্যানয়-দা নাং এবং হো চি মিন সিটি-দা নাং রুটেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। বিভিন্ন ফ্লাইটে ইকোনমি শ্রেণির টিকিট দ্রুত শেষ হওয়ায় যাত্রীদের উচ্চমূল্যের প্রিমিয়াম ইকোনমি আসন নিতে হচ্ছে।

চাহিদা মোকাবিলায় ভিয়েতনাম এয়ারলাইন্স গ্রুপ প্রায় ৬০ হাজার অতিরিক্ত আসন যুক্ত করেছে। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনের ব্যস্ত সময়ে ৩ হাজার ৬১০টি ফ্লাইটে মোট আসনসংখ্যা ৭ লাখ ২৫ হাজারের বেশি হবে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় ২৫ শতাংশ বেশি।

এদিকে রেলপথেও ছুটির সময়ে টিকিটের দাম সাধারণ দিনের তুলনায় প্রায় ১০ থেকে ২০ শতাংশ বেড়েছে। পর্যটনকেন্দ্রিক বিভিন্ন রুটে চাহিদা বাড়ায় ট্রেনের টিকিটও দ্রুত বিক্রি হচ্ছে।

বিমান ও রেল কর্তৃপক্ষ যাত্রীদের আগেভাগে টিকিট বুক করার পরামর্শ দিয়েছে। পর্যটন সংশ্লিষ্টরাও আশা করছেন, ২ সেপ্টেম্বরের দীর্ঘ ছুটি ভিয়েতনামের অভ্যন্তরীণ পর্যটন ও বিমান চলাচলের বাজারে নতুন গতি তৈরি করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.