ইন্দোনেশিয়া ভ্রমণে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট

আন্তর্জাতিক পর্যটকদের ইন্দোনেশিয়ার বিভিন্ন গন্তব্যে ভ্রমণে উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি চালু করেছে দেশটির জাতীয় বিমান সংস্থা গারুডা ইন্দোনেশিয়া।

আন্তর্জাতিক পর্যটকদের ইন্দোনেশিয়ার বিভিন্ন গন্তব্যে ভ্রমণে উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি চালু করেছে দেশটির জাতীয় বিমান সংস্থা গারুডা ইন্দোনেশিয়া। ‘ডিসকভার মোর ইন্দোনেশিয়া’ নামের এই কর্মসূচির আওতায় ইন্দোনেশিয়ায় রাউন্ড-ট্রিপ আন্তর্জাতিক টিকিট কিনলে পর্যটকরা একটি বিনামূল্যের অভ্যন্তরীণ ফ্লাইটের সুযোগ পাবেন।

গারুডা ইন্দোনেশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির আওতায় আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য ১ লাখ ৭০ হাজারের বেশি বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট বরাদ্দ করা হয়েছে। ২০২৬ সালের ১ আগস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেসব ফ্লাইটে ভ্রমণ করা হবে, সেগুলোর জন্য এই সুবিধা প্রযোজ্য হবে।

কর্মসূচিটির মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক পর্যটকদের ইন্দোনেশিয়ায় দীর্ঘ সময় অবস্থান এবং একাধিক গন্তব্য ভ্রমণে উৎসাহিত করা। সাধারণত বিদেশি পর্যটকদের একটি বড় অংশ দেশটির জনপ্রিয় পর্যটন গন্তব্য বালি ও রাজধানী জাকার্তাকেন্দ্রিক ভ্রমণ পরিকল্পনা করেন। নতুন উদ্যোগের মাধ্যমে তাদের এসব পরিচিত গন্তব্যের বাইরে দেশের অন্যান্য অঞ্চল ঘুরে দেখার সুযোগ তৈরি করতে চায় গারুডা ইন্দোনেশিয়া।

গারুডা ইন্দোনেশিয়ার মার্কেটিং বিভাগের প্রধান প্রিনা একা পুত্রি জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের ইন্দোনেশিয়ার বৈচিত্র্যময় পর্যটন গন্তব্য সম্পর্কে আরও বেশি জানার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দেশটির বিভিন্ন অঞ্চলের পর্যটন অর্থনীতিকে আরও সক্রিয় করার লক্ষ্য রয়েছে।

ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন দেশ। দেশটির দ্বীপভিত্তিক ভৌগোলিক বৈচিত্র্য, সমুদ্রসৈকত, প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহাসিক স্থাপনা পর্যটকদের আকর্ষণ করে। তবে আন্তর্জাতিক পর্যটকদের বড় অংশ কয়েকটি জনপ্রিয় শহর ও দ্বীপের মধ্যেই সীমাবদ্ধ থাকেন। ফলে তুলনামূলক কম পরিচিত গন্তব্যগুলো পর্যটন সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রত্যাশিত আন্তর্জাতিক পর্যটক পায় না।

বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের সুবিধা চালুর ফলে পর্যটকরা তাদের ভ্রমণসূচিতে আরও বেশি গন্তব্য যুক্ত করতে পারবেন। এতে স্থানীয় পর্যটন ব্যবসা, হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও অন্যান্য সেবাখাতও উপকৃত হতে পারে।

গারুডা ইন্দোনেশিয়ার একজন প্রতিনিধি বলেন, অভ্যন্তরীণ ফ্লাইট সুবিধা আন্তর্জাতিক পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা আরও বিস্তৃত করতে উৎসাহিত করবে। এর ফলে তারা ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চল ও সংস্কৃতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

বিশেষজ্ঞদের মতে, বিমান ভ্রমণের খরচ কমানো আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ। একটি আন্তর্জাতিক রাউন্ড-ট্রিপ টিকিটের সঙ্গে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট যুক্ত হলে পর্যটকদের অতিরিক্ত গন্তব্যে যাওয়ার আগ্রহ বাড়তে পারে।

গারুডা ইন্দোনেশিয়ার নতুন কর্মসূচি তাই শুধু পর্যটকদের জন্য সুবিধা নয়, বরং দেশের পর্যটন শিল্পকে বালি ও জাকার্তাকেন্দ্রিকতা থেকে বের করে আরও বিস্তৃত করার একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN