আমিরাতের বিমানবন্দরগুলোতে একাধিক ফ্লাইট বাতিল

সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ বিমানবন্দর দিয়ে চলাচলকারী যাত্রীদের জন্য বুধবার, ২৩ সেপ্টেম্বরও অব্যাহত রয়েছে বিমান চলাচলে বিঘ্ন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ বিমানবন্দর দিয়ে চলাচলকারী যাত্রীদের জন্য বুধবার, ২৩ সেপ্টেম্বরও অব্যাহত রয়েছে বিমান চলাচলে বিঘ্ন। বিভিন্ন গন্তব্যের একাধিক ফ্লাইট বাতিল হওয়ার পাশাপাশি কিছু ফ্লাইট আট ঘণ্টারও বেশি বিলম্বে পরিচালিত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন দেশের যাত্রীরা।

সাম্প্রতিক এই বিঘ্নের প্রভাব পড়েছে এমিরেটস, ফ্লাইদুবাই, এয়ার আরাবিয়া এবং আরও কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থার ফ্লাইটে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী ফ্লাইটের সূচিতে পরিবর্তন দেখা গেছে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে আম্মান থেকে আসা এমিরেটসের ইকে৯০২ ফ্লাইট। এ ছাড়া ফ্লাইদুবাইয়ের আবহা, কুয়েত, বসরা ও এনটেব্বে রুটের কয়েকটি ফ্লাইটও বাতিল হয়েছে। কেনিয়া এয়ারওয়েজের নাইরোবিমুখী ও নাইরোবি থেকে আসা কিছু ফ্লাইটের পাশাপাশি লাহোর, তেহরান ও কাঠমান্ডুর সঙ্গে সংযোগকারী কয়েকটি ফ্লাইটেও বাতিলের তথ্য পাওয়া গেছে।

শারজাহভিত্তিক এয়ার আরাবিয়ার ফ্লাইট সূচিতেও বিঘ্ন দেখা দিয়েছে। গাসিম, তাবুক, দোহা, বাহরাইন, কুয়েত ও এনটেব্বে রুটের কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আবুধাবি বিমানবন্দরেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। লাহোর থেকে আসা এয়ারসিয়ালের একটি ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি ইতিহাদের কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে পরিচালিত হচ্ছে।

ইতিহাদের লন্ডন হিথরো ও আমস্টারডাম থেকে আবুধাবিগামী কয়েকটি ফ্লাইটও বিলম্বিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বিমান নেটওয়ার্কের অন্যান্য অংশেও ভারত, ইরান, ওমান ও সৌদি আরবের সঙ্গে চলাচলকারী ফ্লাইটের সংযোগে বিঘ্নের খবর পাওয়া গেছে।

সবচেয়ে বেশি সময়ের বিলম্বের ঘটনা দেখা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের মধ্যকার কয়েকটি রুটে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কিছু ফ্লাইট আট ঘণ্টারও বেশি দেরিতে চলাচল করছিল।

দুবাই বিমানবন্দরে কোচি থেকে আসা স্পাইসজেটের একটি ফ্লাইট প্রায় ৭ ঘণ্টা ৩৫ মিনিট বিলম্বে ছিল। এ ছাড়া ব্রিসবেন ও কায়রো থেকে আসা এমিরেটসের কয়েকটি ফ্লাইট এবং মিনস্ক ও সেন্ট পিটার্সবার্গ থেকে আসা ফ্লাইদুবাইয়ের ফ্লাইটেও উল্লেখযোগ্য বিলম্ব দেখা গেছে।

তবে সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরগুলো স্বাভাবিকভাবে চালু রয়েছে। পরিস্থিতিটি কোনো বিমানবন্দর বা আকাশসীমা বন্ধের মতো নয়। এ কারণে দুবাই, আবুধাবি বা শারজাহ হয়ে যাতায়াতকারী যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে নিজেদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে আগের সূচি পরিবর্তনের কারণে উড়োজাহাজ ও ক্রু ব্যবস্থাপনায় প্রভাব পড়তে পারে বলে যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.