নিরাপত্তাশঙ্কার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামের পথে বিমান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হামলার ঘটনার মধ্যেই ৩৭৯ জন যাত্রী নিয়ে দাম্মামের উদ্দেশে নিয়মিত ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হামলার ঘটনার মধ্যেই ৩৭৯ জন যাত্রী নিয়ে দাম্মামের উদ্দেশে নিয়মিত ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মুখপাত্র শাহনুর আহমেদ ফ্লাইট পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইটটি ছেড়ে গেছে। প্রয়োজনীয় অনুমতি ছিল বলেই ফ্লাইট পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে বুধবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় একজন নিহত এবং আটজন আহত হন বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। একই দিনে দেশটির গুরুত্বপূর্ণ শাইবাহ তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াকরণ স্থাপনাকে লক্ষ্য করে আসা একটি ড্রোন প্রতিহত করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলার সঙ্গে সংশ্লিষ্ট বিস্ফোরণে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে।

এ ছাড়া সৌদি আরবের রিয়াদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার খবরকে কেন্দ্র করে দেশটির বিমান চলাচল পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে গত কয়েক দিনে সৌদি আরবগামী একাধিক ফ্লাইট বাতিল ও সময়সূচিতে পরিবর্তন আনা হয়। এতে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন। প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত প্রায় ১৩৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় ২০ হাজারের বেশি যাত্রী অনিশ্চয়তার মুখে পড়েন।

পরিস্থিতি পর্যালোচনা করে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চলাচল পুনর্বিন্যাস করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে একটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি মূল্যায়নের পর রিয়াদগামী অন্য ফ্লাইটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ২১ অক্টোবর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। যাত্রী পরিবহনে এসব ফ্লাইটে সুপরিসর বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।

অন্যদিকে, বৃহস্পতিবার ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করেছে বিমান। আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জেদ্দাগামী ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। মদিনা রুটেও ১৮ অক্টোবর থেকে নিয়মিত ফ্লাইট চলাচল করছে। এ রুটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবগামী ফ্লাইটের সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.