প্রধানমন্ত্রীর ফ্লাইটের যান্ত্রিক ত্রুটি নিয়ে ব্যাখ্যা দিল সরকার
জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহন করে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটিকে সামান্য সমস্যা বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহন করে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটিকে সামান্য সমস্যা বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানিয়েছেন, উড়োজাহাজের ইঞ্জিনে কোনো সমস্যা ছিল না। পাখায় সামান্য ত্রুটি দেখা দিয়েছিল, যা পরে ঠিক করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এর আগে জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও প্রধানমন্ত্রী চাইলে অন্য উড়োজাহাজে দেশে ফিরতে পারতেন অথবা জাপানে অবস্থান করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। বরং সফরসঙ্গীদের সঙ্গে একসঙ্গে দেশে ফেরার সিদ্ধান্তে অটল ছিলেন।
তিনি বলেন, ত্রুটির সময় প্রধানমন্ত্রী উড়োজাহাজের যাত্রীদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের খোঁজখবর নিয়েছেন এবং সবাইকে শান্ত থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি যাত্রীদের খাবারের ব্যবস্থাও করেন। তিনি সফরসঙ্গীদের সঙ্গে একসঙ্গে দেশে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করেছেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও যাত্রীদের পাশে ছিলেন বলে জানান আতিকুর রহমান রুমন। বিশেষ করে উড়োজাহাজে থাকা শিশুদের যেন আতঙ্কিত হতে না হয়, সে বিষয়ে তিনি খোঁজখবর নেন। শিশুদের জন্য খাবারের ব্যবস্থাও করেন এবং তাদের অভয় দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর এমন আচরণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে সহায়তা করেছে।
উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। সফর শেষে দেশে ফেরার সময় বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির ঘটনা সামনে আসে। তবে অতিরিক্ত প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী, ইঞ্জিনে কোনো সমস্যা ছিল না এবং পাখার সামান্য ত্রুটি মেরামত করা হয়েছে।
