বলিউড অভিনেতা হৃতিক রোশন যে পুরোদস্তুর পেশাদার ও প্রচণ্ড সময়নিষ্ঠ, তার প্রমাণ মিলল আরও একবার। হৃতিক অভিনীত ছবি ‘কাবিল’-এর শুটিং শেষ হলো নির্ধারিত সময়ের ১১ দিন আগেই। এতে অবশ্য নায়কের একার ভূমিকা নেই। নির্মাতারাও আছেন এর পেছনে।
সঞ্জয় গুপ্ত পরিচালিত ছবি ‘কাবিল’-এর প্রযোজক হৃতিকের বাবা রাকেশ রোশন। ছবির শুটিং শেষ করার জন্য তিনি পরিচালককে বেঁধে দিয়েছিলেন ৮৮ দিনের সময়। কিন্তু মাত্র ৭৭ দিনেই ছবির দৃশ্য ধারণের সব কাজ শেষ করে ফেলেছে ‘কাবিল’ টিম। যেখানে শুটিং শেষ করতে নির্ধারিত সময়ের চেয়েও বাড়তি কিছুদিন সময় লাগে, সেখানে এই ছবির ক্ষেত্রে ঘটেছে উলটো ঘটনা।
তবে, সিনেমা এতো জলদি শেষ করতে পারার রহস্যটি রাকেশই উন্মোচন করলেন। জানিয়েছেন, ‘কাবিল’-এর শুটিং চলাকালীন প্রতিদিন সবাইকে সকাল সকাল সেটে হাজির থাকতে হতো। সকাল ৯.৩০ টার মধ্যেই প্রথম শটের জন্য প্রস্তুত থাকতেন সবাই।
আর সঞ্জয় গুপ্ত বলেন, ‘দুপুরের খাওয়ার সময় ছাড়া সারাদিন আমি কোন বিরতি নিতাম না। এভাবেই এতো কম দিনে কাজ শেষ করতে পেরেছি আমরা।’
অবশ্য, এজন্য ছবির অভিনয়শিল্পীসহ অন্যাদেরও অনেক বেশি পরিশ্রম গেছে।
ইয়ামি গৌতম ও হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’-এর ট্রেলার মুক্তি পাওয়ার কথা আগামী সপ্তাহে।