গেম অব থ্রোনস : রোমহর্ষক আর নাটকীয় এক ধারাবাহিক

thrones-120161114171048বর্তমানে বিনোদন দুনিয়ায় যদি জনপ্রিয় আর সেরা ৫টি টিভি ধারাবাহিকের নাম নিতে বলা হয়, তাহলে সেই তালিকায় ‘গেম অব থ্রোনস’ যে শীর্ষে থাকবে তা বলার অপেক্ষা রাখে না! এইচবিও চ্যানেলে প্রচারিত যুক্তরাষ্ট্রভিত্তিক এই টিভি ধারাবাহিকটি সফলভাবে ৬টি সিজন পার করে এখন ৭ম সিজন প্রচারের অপেক্ষায়। জর্জ আর আর মার্টিনের ‘এ সং অফ আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে টিভি ধারাবাহিকটি তৈরি করেছেন ডেভিস বেনিওফ এবং ডিবি ওয়েসিস।

২০১১ সালের ১৭ এপ্রিল থেকে প্রচারিত এই ধারাবাহিকটির শুটিং হয়েছে নর্দান আয়ারল্যান্ডের বেলফাস্টে অবস্থিত টাইটানিকের স্টুডিওসহ আরও ৭টি দেশের বিভিন্ন মনোরম লোকেশনে। দেশগুলো হচ্ছে- যুক্তরাজ্য, ক্রোশিয়া, আইসল্যান্ড, মাল্টা, মরক্কো, স্পেন এবং যুক্তরাষ্ট্র।

‘গেম অব থ্রোনস’র কাহিনী এগিয়েছে সেভেন কিংডমের গুরুত্বপূর্ণ ভূখণ্ড আয়রন থ্রোনের অধিকার লড়াইকে কেন্দ্র করে। প্রথম সিজনের কাহিনী শুধুমাত্র স্টাক এবং ল্যানস্টার পরিবারের দ্বন্দ্বের মধ্য দিয়ে শুরু হলেও অচিরেই তা বহুমাত্রিক লড়াইয়ে রূপ নেয়। বরফযুগীয় তুষারাবৃত পরিবেশের মধ্যে পারিবারিক, সামাজিক আর অতি-প্রাকৃতিক ঘটনাপ্রবাহ অন্য রকম শিহরণ জাগায় দর্শকদের মধ্যে। ধারাবাহিকটিতে ভয়াবহ রকমের হিংস্রতা আর নগ্নতা নিয়ে সমালোচক মহলে কিছুটা প্রশ্ন উঠলেও, এসব দৃশ্যের কমতি রাখেননি পরিচালকদ্বয়। বরং সিজন থেকে সিজনে তা আরও শৈল্পিক এবং বাস্তবিকভাবে ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা ছিলো তাদের।

‘গেম অব থ্রোনস’র অভিনয় শিল্পীদের মধ্যে স্যানসার ভূমিকায় সোফি টোনার, জন স্নোনোর ভূমিকায় কিট হ্যানিনস্টোন, আয়া স্টাকের ভূমিকায় মায়াসি উইলিয়াম, সেরসি ল্যানাস্টারের ভূমিকায় লেনা হেডি, জেমি ল্যানাস্টারের ভূমিকায় নিকোলাজ, ডায়েনাস ট্রারগায়ানের ভূমিকায় এমিলি ক্লার্ক এবং ট্রায়ন ল্যানাস্টারের ভূমিকায় পিটার ডিনক্যালজের অভিনয় ছিল অনবদ্য। বিশেষ করে পিটার ডিনক্যালজ তার অভিনয়ে প্রমান করেছেন, সফল হতে গেলে উচ্চতা কোন বিষয় নয়! এছাড়া গোটা ধারাবাহিক জুড়ে ব্যাপক মাত্রায় সিজিআই এর ব্যবহার রয়েছে।

‘গেম অব থ্রোনস’র সিজন ৭ শুরু হবে ২০১৭ সালের মাঝামাঝিতে আর ৮ম সিজন শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে ২০১৮ সাল নাগাদ। ধারাবাহিকটির প্রতিটি সিজনে কাহিনীর উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন নামে ১০টি পর্ব থাকে। প্রতিটি পর্ব আবার কয়েক ভাগে দর্শকদের জন্য এইচবিও তে প্রচারিত হয়। `গেম অব থ্রোনস` এইবিও তে প্রচারিত সবচেয়ে সফল ও জনপ্রিয় টিভি ধারাবাহিকের মধ্যে অন্যতম।

এই ধারাবাহিকটির ভাগ্যে ইতিমধ্যে জুটেছে ৩৮তম প্রাইমটাইম এ্যামি অ্যাওয়ার্ড। ২০১৫ ও ২০১৬ সালে পরপর দুই বার ‘আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ’ খেতাবে ভূষিত হয়েছে। এছাড়া ২০১৬ পর্যন্ত এটি আরও ৮টি ভিন্ন ভিন্ন সম্মানজনক পুরস্কার অর্জন করেছে।

টেলিভিশন ধারাবাহিকে যারা নাটকীয়তা, রোমাঞ্চ আর হিংস্রতা পছন্দ করেন গেম অব থ্রোনস তাদের জন্য হতে পারে একদম আদর্শ একটি ধারাবাহিক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.