তামান্না শিখতে চান কঙ্গনার কাছে

7f4ed6a20bb5ed0daad2da8e5992bfed-untitled-6কঙ্গনা রনৌত অভিনীত ছবি কুইন এবার তামিল ভাষায় তৈরি হচ্ছে। তামিল এই সংস্করণে ‘কুইন’ হবেন তামান্না ভাটিয়া। ছবির তামিল নাম অবশ্য এখনো ঠিক হয়নি। তামান্নার ইচ্ছা, এই ছবির শুটিং শুরুর আগে কঙ্গনার কাছ থেকে অভিনয়বিষয়ক কিছু পরামর্শ নেবেন তিনি, শিখবেন ‘কুইন’ হওয়ার নানা কৌশল। কুইন-এ অভিনয় করেই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন কঙ্গনা।
বাহুবলীর অভিনেত্রী তামান্না আগেই জানিয়েছেন, কুইন-এর রিমেকে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। এবার তিনি বলেন, এই ছবির শুটিং শুরুর আগেই কঙ্গনার কাছ থেকে অভিনয়ের টুকটাক শিখে নিতে চান তিনি।
তামান্না বলেন, ‘কঙ্গনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। এমনকি আমাদের কোনো দিন কথাও হয়নি। কিন্তু আমি তাঁর অভিনয়ের ভীষণ ভক্ত। কুইন-এর রিমেকে অভিনয় করার আগে কঙ্গনার সঙ্গে দেখা করতে চাই। আশা করি তাঁর কাছ থেকে অভিনয়ের কিছু কৌশল শিখে নিতে পারব।’
তামিল এই ছবিটি পরিচালনা করবেন দক্ষিণ ভারতের অভিনেত্রী রেবতী। বলিউডের কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন তিনি। রেবতীকে শেষ দেখা গেছে টু স্টেটস ছবিতে আলিয়া ভাটের মায়ের চরিত্রে। টাইমস অব ইন্ডিয়া

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.