উড়োজাহাজে ভয়, সড়কপথে মাশরাফি-তামিম।
ছোট বিমানে অকল্যান্ড থেকে নেপিয়ারে যেতে সময় লাগে মাত্র ১ ঘণ্টা। কিন্তু এতে চড়তে ভীষণ ভয় পান মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। কিন্তু সেখানে যেতে আকাশপথে বড় বিমান নেই। বাধ্য হয়ে ৬ ঘণ্টার সড়কপথে প্রথম ওয়ানডের ভেন্যুতে পৌঁছলেন তারা।
ক্রিকেট মাঠে অসীম সাহসী মাশরাফি-তামিম! ধ্বংসস্তূপের মধ্যে লড়েন বুক চিতিয়ে। তবে ছোট বিমানে আকাশযাত্রায় ‘ভীতুর ডিম’ তারা।
ম্যাশ-তামিমের সড়কযাত্রার কাহিনী তুলে ধরে খবর ছাপিয়েছে নিউজিল্যান্ড সংবাদমাধ্যম স্টাফ। তাতে লেখা হয়েছে, দুজনই অনেকবার নিউজিল্যান্ড সফর করেছেন। এর আগে এ বিমানে চড়েছেন তামিম। কিন্তু এবার তাদের দেখে মনে হলো, ছোট বিমানে চেপে আঞ্চলিক রুটে যাতায়াতে তারা এখনও ভয় পান।
অভ্যাস না থাকলে ভয় পাওয়াটা স্বাভাবিক। নিউজিল্যান্ডে আকাশপথে ছোট বিমান বাতাসে দোল খায়। এমনকি দেশটিতে বড় বিমানও বাম্পিং করে (ঝাঁকুনি খায়)। মূলত তাতেই ভয় মাশরাফি-তামিমের।
বিপিএলের কারণে এবার কয়েক ভাগে নিউজিল্যান্ড গেছেন টাইগাররা। সবশেষ গেছেন মাশরাফি, তামিম, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। প্রথম দুজন ভয় পেলেও তাদের অন্য দুই সঙ্গী ছোট প্লেনে করেই নেপিয়ার পৌঁছান। সেখানে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।