চট্টগ্রামে বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় সর্বদলীয় সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি

চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনা তদন্তের সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনের দাবি উঠেছে জাতীয় সংসদে।

জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী সোমবার (২৫ ফেব্রুয়ারি) সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি জানান।
এর আগে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সংসদে বিমান ছিনতাইচেষ্টার ঘটনা ৩০০ বিধিতে সংসদে অবহিত করেন।

পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে রুস্তম আলী ফরাজী বলেন, ‘বিমান নিয়ে প্রায়ই এই দুর্ঘটনাগুলো ঘটছে। কখনও দেখি বিমানের ভেতরে পাখি ঢুকে যাচ্ছে, কখনও দেখি চাকা বন্ধ হয়ে গেছে। কখনও দেখি বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হয়। প্রধানমন্ত্রীও দুর্ঘটনার শিকার হয়েছিলেন। চার ধাপে তল্লাশি করে বিমানের ভেতরে ঢুকতে হয়। তারপরও একটি লোক অস্ত্র নিয়ে কী করে গেলো?’
তদন্ত কমিটি গঠনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তদন্ত কমিটি একটা ফরমাল প্রসেস। এটা গঠন করা হয়। কখনও রিপোর্ট বের হয়, কখনও বের হয় না। এটা নিয়ে আসল তথ্য বের হবে না। কেন ঘটছে? মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন তাদের দায়িত্বটা কি পালন করেছে? কেমন করে অস্ত্র নিয়ে ঢুকলো? প্রধানমন্ত্রী বিমান থেকে নামলেন তারপরেই এই ঘটনা। এটাকে সহজভাবে নিতে পারি না। উচ্চপর্যায়ের তদন্ত হওয়া দরকার।’

তিনি বলেন, ‘এটা ন্যাশনাল এয়ারলাইন্স। জাতির সম্মান, অর্থনীতির বিষয়। সর্বদলীয় সংসদ সদস্যদের নিয়ে কমিটি করে তদন্ত করা উচিত। তদন্ত করে সংসদকে জানাতে হবে। আর মন্ত্রীকে বলতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে আর কখনও এমন ঘটনা ঘটবে না। না হলে বিমানে মানুষ উঠবে না, লোকসান হবে।’
পাইলট ও ক্রুদের পুরস্কৃত করার দাবি

পয়েন্ট অব অর্ডার ফ্লোর নিয়ে জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদল বলেন, ‘পত্র-পত্রিকায় আর টেলিভিশনে এসেছে, আমি ওই বিমানে ছিলাম। আমি ছিলাম না। প্রধানমন্ত্রীর একটা অনুষ্ঠানে ছিল। তারপর আমি ওখানে ছিলাম ঢাকায় আসার জন্য।’

তিনি বলেন, ‘এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে দেখলাম লোকজন দৌড়াদৌড়ি করছে। বললো, একটা প্লেন হাইজ্যাক হয়েছে। বলতে বলতে প্লেনটি ল্যান্ড করলো। এই প্লেনটাতেই মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম গিয়েছিলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং ছিলেন। আমি তাকে বললাম, সংসদ সদস্য হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব এখানে থাকা। আমি টারমার্কে চলে গেলাম। টারমার্কে আমাকে দেখে অনেকে মনে করেছে, আমিও প্যাসেঞ্জার ছিলাম।’

উল্লেখ্য, গতকাল রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ১৩৪ জন যাত্রী ও ১৪ জন ক্রুসহ ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করে এক অস্ত্রধারী যুবক। পরে এদিন বিকেল ৫টা ৪০ মিনিটে উড়োজাহাজটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় এবং বিমান ছিনতাই চেষ্টাকারী সন্দেহভাজন অস্ত্রধারীকে ধরতে পরিচালিত হয় কমান্ডো অভিযান। এই অভিযানে ছিনতাইকারীর নিহত হওয়ার মধ্য দিয়ে রুদ্ধশ্বাস এই ঘটনার শেষ হয়।
গতকাল পর্যন্ত জানা যাচ্ছিল নিহত ওই যুবকের নাম মাহাদী। তবে র‌্যাব আজ জানিয়েছে যুবকের নাম পলাশ আহমেদ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.