বিমান ছিনতাই চেষ্টাঃ জিজ্ঞাসাবাদ করা হবে বিমানের পাইলট ক্রুদের।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, চট্টগ্রামে উড়োজাহাজ ছিনতাইচেষ্টার ঘটনায় বিমানটির পাইলট, ক্রু, প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নগরের দামপাড়ায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।
আইজিপি বলেন, বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় দায়ের করা মামলাটি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করছে। মামলার আলামত জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশক্রমে আলামতগুলো সিআইডির ফরেনসিক বিভাগে পাঠিয়ে পরীক্ষা করা হবে। এখনো বলার মতো কোনো অগ্রগতি নেই। বিমানের পাইলট, ক্রু, প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে।
গত রোববারের বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় সোমবার রাতে পতেঙ্গা থানায় একটি মামলা হয়।
উল্লেখ্য , রোববার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ বিমানটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা থেকে উড্ডয়নের পর বিমানটি ছিনতাইকারীর কবলে পড়ে। এ সময় দু’জন কেবিন ক্রুকে জিম্মি করার অভিযোগও পাওয়া যায়। বিকেল সাড়ে ৫ টার দিকে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করে। তখন পাইলট-যাত্রীদের নিরাপদে নামিয়ে নেয়া হয়। শ্বাসরুদ্ধকর উত্তেজনার মধ্যে সন্ধ্যার দিকে মাত্র ৮ মিনিটের কমান্ডো অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।