বিমানের বোয়িং উড়োজাহাজ গ্রাউন্ডেড : ৮টি শিডিউল ফ্লাইট এলোমেলো

বিমানের বোয়িং উড়োজাহাজ গ্রাউন্ডেড : ৮টি শিডিউল ফ্লাইট এলোমেলো।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব উড়োজাহাজে (বোয়িং-৭৭৭-৩০০) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় গতকাল রোববার ঢাকা-লন্ডন, ঢাকা-রিয়াদসহ বিভিন্ন রুটের বেশ কয়েকটি শিডিউল ফ্লাইট এলোমেলো হয়ে পড়ে। নির্ধারিত ফ্লাইট ধরতে না পেরে বিমানবন্দরে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন যাত্রীরা। উড়োজাহাজ সমস্যার কারণে বিমান কর্তৃপক্ষকে আটটি ফ্লাইটের যাত্রীদের গন্তব্যে পাঠাতে নতুন করে আবার ফ্লাইট শিডিউল সাজাতে হয়েছে।
গতকাল হজরত শাহজালাল রহ: আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে বোয়িং-৭৭৭ ফ্লাইটটি রিয়াদের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু বিমান কর্তৃপক্ষ এক দিনের জন্য এয়ারক্রাফটটি ‘এ’ চেকের জন্য হ্যাঙ্গারে পাঠান। এতে ওই ফ্লাইটের যাত্রীরা পড়েন ভোগান্তিতে। পরে ওই ফ্লাইটের যাত্রীদের গতকাল রোববার দুপুরে অপর একটি ফ্লাইটে পাঠানো হয়।
গতকাল বিমানবন্দর টার্মিনালের দায়িত্বশীল একটি সূত্র জানায়, বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর, এওজি (এয়ারক্রাফট অন গ্রাউন্ড) হওয়ার কারণে অনেকগুলো ফ্লাইটের শিডিউল লণ্ডভণ্ড হয়ে গেছে। এই এয়ারক্রাফট দিয়ে ঢাকা-লন্ডন-ঢাকা, ঢাকা-রিয়াদ-ঢাকা, ঢাকা-জেদ্দা, ঢাকা আবুধাবি রুটে চলাচল করত।
কি কারণে উড়োহাজ গ্রাউন্ডেড করা হলো এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাইড্রোলিক পাম্পের স্পেয়ার পাটর্স নেই। ওই পাটর্স আগামীকাল (আজ) লন্ডন থেকে আসার কথা রয়েছে। এর মধ্যে অনেকগুলো ফ্লাইট আজ ডিলে হয়ে গেছে।
শিডিউল এলোমেলো হওয়া ফাইটের মধ্যে গত শনিবার রাত দেড়টায় যে ফ্লাইট (বিজি-০৩৯) ছেড়ে যাওয়ার কথা, সেটি গেছে রোববার বেলা দেড়টায়। একইভাবে শনিবার রাত দেড়টার রিয়াদ ফ্লাইট রোববার বেলা দেড়টায় ছেড়ে গেছে। রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের জেদ্দার ফ্লাইটটি যাবে, সোমবার ভোর সাড়ে ৫টায়। এরপরে গতকাল রোববার রাত দেড়টায় রিয়াদের ফ্লাইটটি আজ সোমবার দুপুর ১২টায় ছেড়ে যাবে। গতকাল বেলা ২টা ২০ মিনিটে দাম্মামের (বিজি-০৪৯) উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। তা যাবে আজ সোমবার বেলা ৩টায়। রোববার বিকেল সাড়ে ৪টায় আবুধাবির (বিজি-১২৭) উদ্দেশে ছাড়ার কথা, সেটা ৩ ঘণ্টা বিলম্বে সন্ধ্যা ৭টায় ছেড়ে যায়। এরপরে সোমবার বিকেল সাড়ে ৪টায় আবুধাবির উদ্দেশে যেটা ঢাকা থেকে ছেড়ে যাওয়ার শিডিউল তা যাবে পরের দিন (মঙ্গলবার) ভোর ৬টায়। আগের শিডিউল সব তছনছ হওয়ায় নতুন শিডিউল তৈরি করা হয়েছে জানিয়ে ওই সূত্রটি আরো জানান বর্তমানে বিমানের বহরে থাকা দু’টি এয়ারক্রাফট গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। অপরটি হচ্ছে কানাডার বোম্বাডিয়ার ড্যাশ-৮।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে চারটি বোয়িং-৭৭৭-৩০০ ইআর, চারটি ৭৩৭, দু’টি ৭৮৭ ড্রিমলাইনার ও তিনটি ড্যাশ-৮ এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে গত ৬ মার্চ ভারতের হায়দ্রাবাদ থেকে বিপুল টাকা খরচ করে সি চেক শেষে দেশে ফিরেই ড্যাশ-৮ এয়ারক্রাফট গ্রাউন্ডেড হয়ে পড়ে। এরপর নতুন করে শনিবার পড়েছে বোয়িং-৭৭৭। বহরে দু’টি এয়ারক্রাফট না থাকায় ফ্লাইট শিডিউল লণ্ডভণ্ড হয়ে পড়েছে। যাত্রীরে পোহাতে হচ্ছে হয়রানি, ভোগান্তি। অভিযোগ রয়েছে নির্ধারিত এসব ফ্লাইটের যাত্রীদের আগেভাগে জানানো হয়নি। যার কারণে বিমানবন্দরে উপস্থিত হওয়া যাত্রীদের হোটেলে রাখার ব্যবস্থা করতে হয়েছে। গত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র ও জেনারেল ম্যানেজার (জনসংযোগ) শাকিল মেরাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নয়া দিগন্ত

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.