বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং অদক্ষতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে উড়োজাহাজ

বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং অদক্ষতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে উড়োজাহাজ।

গত বছর ২৬ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি টো-ট্রাক্টরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় নভোএয়ারের একটি এটিআর ৭২-৫০০ উড়োজাহাজ (এস২-এএইচএইচ)। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বে-১২তে পার্কিং অবস্থায় ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি মেরামত করে বহরে ফেরাতে ২০ দিন অপেক্ষা করতে হয় নভোএয়ারকে। উড়োজাহাজটি বহরের বাইরে থাকায় ২০ দিনে প্রায় ১ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে এয়ারলাইনসটি। যদিও এ দুর্ঘটনার জন্য নভোএয়ারকে কোনো ক্ষতিপূরণ দেয়নি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
২০১৭ সালের ১০ অক্টোবর বেল্ট লোডারের আঘাতে বিকল হয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। ঢাকা থেকে নেপাল যাওয়ার অপেক্ষায় থাকা উড়োজাহাজটির লাগেজ ডোর বন্ধ করার সময় হঠাৎ করেই বেল্ট লোডার ঘুরে আঘাত করে ইঞ্জিনে। এতে ক্ষতিগ্রস্ত হয় ইঞ্জিনের অনেকগুলো ব্লেড। বেশ কিছুদিন গ্রাউন্ডেড থাকার পর বহরে যুক্ত হয় উড়োজাহাজটি। একই বছরের জুলাইতেও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সময় অসতর্কতায় ক্ষতিগ্রস্ত হয় বিমানের আরেকটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।
গ্রাউন্ড হ্যান্ডলিং কাজে বিমানকর্মীদের অদক্ষতা ও অসতর্কতায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে দেশের বিমানবন্দরগুলোয়। এতে বড় অংকের আর্থিক ক্ষতি হচ্ছে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর। ক্ষতির মুখে পড়ছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসও। যদিও বরাবরই জবাবদিহিতার বাইরে থেকে যাচ্ছে অভিযুক্তরা।
বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক এম মফিজুর রহমান এ প্রসঙ্গে বলেন, নভোএয়ারের উড়োজাহাজই এ পর্যন্ত তিন দফায় ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাউন্ড হ্যান্ডলিং অদক্ষতায়। প্রথমবার চার সপ্তাহ, দ্বিতীয়বার তিন সপ্তাহ এবং সর্বশেষ গত বছর ২০ দিন ফ্লাইট কার্যক্রমের বাইরে রাখতে হয়েছিল ক্ষতিগ্রস্ত উড়োজাহাজগুলোকে। শেষ ঘটনায় ২০ দিন ফ্লাইট চালাতে না পারায় কেবল রাজস্ব আয় বাবদ প্রায় ১ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে নভোএয়ার। যদিও এজন্য কোনো ক্ষতিপূরণ এ পর্যন্ত আমরা পাইনি। বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যতদিন একটি প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য চলবে, ততদিন এ ধরনের ঘটনা ঘটতে থাকবে। এ থেকে বের হতে হলে একাধিক প্রতিষ্ঠানকে সুযোগ দিতে হবে। এতে সেবার মান বাড়ার পাশাপাশি উপকৃত হবে সেবাগ্রহীতা এয়ারলাইনসগুলো।
১০ মার্চ রাত পৌনে ২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ পুশব্যাক করার সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের ড্যাশ ৮ কিউ ৪০০ উড়োজাহাজের পেছনে আঘাত করে। সে সময় পার্কিং বেতে ছিল ইউএস-বাংলার ড্যাশ ৮ এজিএক্স। আঘাতে ড্যাশ ৮-এর পেছনে উইংয়ের অংশ বিশেষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে পরদিন উড়োজাহাজটিকে ফ্লাইট কার্যক্রমের বাইরে রেখে মেরামত করতে বাধ্য হয় ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ত্রুটির কারণে উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠিও পাঠিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে নানা সময় বিভিন্ন দেশের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েকটি নজিরও তুলে ধরে বেবিচক। বলা হয়েছে, ২০১৬ সালের ২৫ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং বেতে ওমান এয়ারলাইনসের একটি উড়োজাহাজকে আঘাত করে বিমানের একটি কার্গো কনটেইনার। এতে উড়োজাহাজটির ফিউজলেজ ক্ষতিগ্রস্ত হয়। এর আগে ২০১৬ সালের ১৪ মে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং ত্রুটির কারণে বোয়িং ৭৭৭-৩০০-এর একটি দরজা উড়োজাহাজ থেকে পুরোপুরি ছিটকে পড়ে। ২০১৬ সালের ২৫ এপ্রিল বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং ইকুইপমেন্টের কারণে হযরত শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং ব্রিজে পার্করত অবস্থায় চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি উড়োজাহাজকে আঘাত করলে সেটির বডি ক্ষতিগ্রস্ত হয়। পাঁচদিন সময় ব্যয় হয় উড়োজাহাজটি মেরামতে।
এদিকে দেশের আন্তর্জাতিক তিন বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ করছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের আয়ের সিংহভাগই আসছে এ খাত থেকেই। যদিও গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান নিয়ে অসন্তোষ দীর্ঘদিনের। এরই পরিপ্রেক্ষিতে অবস্থার উন্নয়নে গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনায় একাধিক প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের লাইসেন্স পেতে আবেদনকারী প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন, লাইসেন্স ফির হার নির্ধারণ করে গত ২৯ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনায় তিন ক্যাটাগরিতে লাইসেন্স প্রদানের বিধান রাখা হয়েছে প্রজ্ঞাপনে। লাইসেন্স ফি ছাড়াও গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে মাসিক রাজস্ব আয়ের ৫ শতাংশ বেবিচককে দেয়ার বিধান রাখা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা উন্নয়নের জন্য নীতিমালা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ২০১৭ সালে ‘গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডারস লাইসেন্স’ শীর্ষক এ নীতিমালার একটি খসড়াও তৈরি করেছে বেবিচক।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, গ্রাউন্ড সেফটি উন্নয়নে ক্রমান্বয়ে কাজ করে যাচ্ছে বিমান। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নিয়োজিত কর্মী, বিশেষত কার্গো, গ্রাউন্ড সাপোর্ট ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ও ট্রাফিকিং বিভাগের কর্মীরা বিমানবন্দরের অ্যাপ্রোন ও রানওয়ে এলাকায় কাজ করেন। এসব বিভাগের কর্মীদের ‘র্যাম্প সেফটি অ্যাওয়ারনেস’ বৃদ্ধিতে নিয়মিতভাবেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা হচ্ছে। তিনি বলেন, প্রতিদিন বিমানকে ১৫০টির বেশি ফ্লাইট হ্যান্ডলিং করতে হয়। সেক্ষেত্রে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সংখ্যা খুবই নগণ্য। তবে সেটিও কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে বিমান।
উল্লেখ্য, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কাজের মধ্যে রয়েছে বোর্ডিং পাস ইস্যু, ব্যাগেজ হ্যান্ডলিং, কার্গো লোড-আনলোড ও এয়ারক্রাফট সার্ভিসসহ বিভিন্ন কার্যক্রম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বেও রয়েছে বিমান। তবে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিম্নমানের বলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। যদিও বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং থেকেই বিমানের আয়ের বড় অংশ আসছে।
২০১৫-১৬ অর্থবছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজস্ব ফ্লাইট ছাড়াও ২৬টি বিদেশী এয়ারলাইনসের ১৮ হাজার ৬২৮টি ফ্লাইট হ্যান্ডলিং করেছে বিমান। ২০১৬-১৭ অর্থবছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান তার নিজস্ব ১৬ হাজার ৪৭৩টি ও ২৬টি বৈদেশিক এয়ারলাইনসের ৪৮ হাজার ৫০২টি ফ্লাইট মিলে মোট ৬৪ হাজার ৯৭৫টি ফ্লাইটে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়েছে। এ খাত থেকে বিমানের বার্ষিক আয় প্রায় ৫০০ কোটি টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.