এ বছর বাংলাদেশে ১০ লাখ বিদেশি পর্যটক আসবে এমন প্রত্যাশা রেখে সরকার ২০১৬ সালকে ‘পর্যটন বছর’ ঘোষণা দিয়েছে। পর্যটনের এমন সুদিনের প্রত্যাশা নিয়ে পঞ্চমবারের মতো শুরু হয়েছে ‘আন্তর্জাতিক পর্যটন মেলা-২০১৫’। তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেনন। মেলায় বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়াসহ ১৫টি দেশের ৫৫টি এয়ারলাইন্স, হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর ও পর্যটন বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩৫টি স্টল অংশ নিচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি) এই মেলার আয়োজন করে। মেলা উপলক্ষে এসব প্রতিষ্ঠান, হোটেল ও প্যাকেজ বুকিংয়ে ছাড়সহ পর্যটকদের বিভিন্ন সুবিধা দেবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, ২০১৬ সাল পর্যটন বছর, আগামী বছর আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ লাখের বেশি পর্যটক পাব বলে আশা করছি। ট্যুর অপারেটরদের ভূমিকাই পর্যটন খাতের বিকাশে মুখ্য বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, পর্যটন খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। তিনি নিজ উদ্যোগে এ খাতের বিকাশে অনেক কিছু করেছেন।
বিএফটিডি চেয়ারম্যান এইচ এম হাকিম আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের পর্যটন বিষয়ক মন্ত্রী রতন ভৌমিক, বাংলাদেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খুরশিদ আলম চৌধুরী, ভুটানের প্রতিনিধি সুনম দর্জি, নেপাল অ্যাসোসিয়েশন অব ট্যুর অ্যান্ড ট্রাভেলস চেয়ারম্যান ডি লিম্বু, বিএফটিডির নির্বাহী পরিচালক রেজাউল একরাম রাজু প্রমুখ।
বিএফটিডি চেয়ারম্যান এইচ এম হাকিম আলী বলেন, প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা ও আন্তরিকতা আমরা পাচ্ছি। এ মেলার মধ্য দিয়ে পরস্পর দেশগুলোর মধ্যে সম্পর্ক ভালো হয় এবং পর্যটক বাড়ে। ‘অন অ্যারাইভাল ভিসা’ বাড়ালে পর্যটন খাতে আরও উন্নতি হবে।
ত্রিপুরার মন্ত্রী রতন ভৌমিক বলেন, বাংলাদেশ আমার শৈশবের স্মৃতি বিজড়িত একটি দেশ। ভাষাসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে রয়েছে অনেক মিল। এসবকে আমরা পর্যটনের জন্য আশীর্বাদ মনে করি। আমাদের সুসম্পর্ক অব্যাহত থাকবে। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে মন্ত্রী সকাল ১০টার দিকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ও স্টলগুলো ঘুরে দেখেন।
এবারের মেলায় ১৫/২০ মিলিয়ন ডলার আয়ের প্রত্যাশাও করছেন আয়োজকরা। মেলায় প্রতিদিন লাকি কুপন ড্র অনুষ্ঠিত হবে। এতে বিজয়ীর জন্য বাংলাদেশ বিমানের পক্ষ থেকে দুটি করে টিকেট উপহার থাকবে। মেলা উপলক্ষে সংবাদকর্মীদের জন্যও পুরস্কারের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে। আগামী শনিবার পর্যন্ত এ মেলা চলবে।
আরও খবর