‘আমি এখন ১৭ বছরের তরুণীর সঙ্গে প্রেম করছি’

‘আমি এখন ১৭ বছরের তরুণীর সঙ্গে প্রেম করছি’

আর কিছুদিন পরেই মুক্তি পাচ্ছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভারত’। সুপারস্টার সালমান খান এখন গণমাধ্যমের মনোযোগের কেন্দ্রে রয়েছেন। ‘ভারত’-এ সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ ও দিশা পাটানি।

এই সুপারস্টারের হাতে রয়েছে বেশ কয়েকটি নতুন সিনেমা। দীর্ঘদিন পর ঘনিষ্ঠ বন্ধু ও নামকরা পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’ সিনেমায় কাজ করছেন তিনি।

বি-টাউনে কানাঘুষা চলছে, দীর্ঘদিন পর বানসালির সিনেমায় কাজ করছেন সালমান, সেটি দারুণ হবে। সিনেপ্রেমীরাও এ ছবির জন্য অপেক্ষা করছেন। ‘ইনশাআল্লাহ’ ছবিতে সালমানের সঙ্গে জুটি বাঁধছেন মেধাবী তরুণী আলিয়া ভাট, যিনি এই সময়ের অন্যতম সেরা অভিনেত্রী।

তবে সালমান-আলিয়ার জুটি বাঁধার ঘোষণার পরে কম সমালোচনা হয়নি। বাস্তব জীবনে সালমানের বয়স ৫৩ আর আলিয়ার ২৬। প্রতিবেদন বলছে, ‘ইনশাআল্লাহ’ সিনেমায় ৪০ বছর বয়সী ব্যবসায়ীর ভূমিকায় দেখা যাবে সালমানকে আর আলিয়াকে ২০ বছরের প্রতিশ্রুতিশীল অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে। মনে হচ্ছে, নিজের বয়সের তুলনায় অনেক ছোট অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে স্বস্তিবোধ করছেন সালমান।

সালমান খান এখন ‘ভারত’ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি একটি প্রচারণামূলক ইভেন্টে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বলিউড ভাইজান।

সেখানে এই তারকাকে জিজ্ঞেস করা হয়, তিনি কি ফের অল্পবয়সী দিশা পাটানির সঙ্গে সিনেমায় কাজ করবেন? এমন প্রশ্নে অবাক হন সালমান। বলেন, ‘কেন নয়?’ এর পরেই সালমান প্রকাশ করেন, নতুন ছবিতে তাঁকে ১৭ বছরের তরুণীর সঙ্গে দেখা যাবে।

‘ভারত’ সিনেমার একটি পর্বে সালমানকে তরুণের ভূমিকায় দেখা যাবে। সেখানে দিশা পাটানি তাঁর প্রেমিকার ভূমিকায় রয়েছেন। তো, কেন দিশা পাটানির সঙ্গে ফের কাজ করবেন না—অবাক হয়ে সালমান বলেন, ‘আমি এখন ১৭ বছরের তরুণীর সঙ্গে প্রেম করছি।’ এরপর অবশ্য তিনি থেমে যান।

নতুন সিনেমাটি সম্পর্কে আর কিছু ফাঁস করেন না। মনে হচ্ছে, অসাবধানতাবশত এই তথ্য বলে ফেলেছেন সালমান, যা এত দ্রুত প্রকাশ করা ঠিক হয়নি! ভক্তদের অপেক্ষা—কে সেই তরুণী অভিনেত্রী?

যুক্তরাষ্ট্রে সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাল্লাহ’র শুটিং হতে চলেছে, যেটি তাঁর সঙ্গে সালমান খানের চতুর্থ সিনেমা। ১৯৯৬ সালে সালমান খানের সঙ্গে প্রথমে ‘খামোশি—দ্য মিউজিক্যাল’ তৈরি করেছিলেন বানসালি, এতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছিলেন মনীষা কৈরালা। ১৯৯৯ সালে ফেরেন ‘হাম দিল দে চুকে সনম’ দিয়ে। এতে সালমান ছাড়াও ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অজয় দেবগন।

এরপর ২০০৭ সালে বানসালির ‘সাওয়ারিয়া’য় ক্যামেও দৃশ্যে দেখা যায় সালমান খানকে। এই ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর কাপুর ও সোনম কাপুরের।

বানসালি অবশ্য ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে সালমান খান ও ঐশ্বরিয়া রাইকে জুটি হিসেবে চেয়েছিলেন, তবে তাঁদের বিচ্ছেদের পর আর জুটি বাঁধা হয়নি। ২০১৫ সালে মুক্তি পাওয়া এ ছবিতে অভিনয় করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.