বড় মনের মানুষ সালমান খান: সুনীল

বড় মনের মানুষ সালমান খান: সুনীল।

ডাক্তার গুলাটি হিসেবেই জনপ্রিয় কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার। ‘কপিল শর্মা শো’ দিয়ে এই পরিচিতি তাঁর। কপিলের সঙ্গে মন–কষাকষির পর এই শো থেকে অনেক দিন আগে বিদায় নিয়েছেন সুনীল। তবু আজও তিনি ডাক্তার গুলাটি হিসেবে সবার মনে জায়গা করে আছেন। সুনীল নিজে কতটা মিস করেন ডাক্তার গুলাটিকে, তার জবাবে মুচকি হেসে তিনি প্রথম আলোর এই প্রতিনিধিকে জানান, ‘অভিনেতার জীবনই এ রকম। তার সফরের মাধ্যমে নতুন নতুন চরিত্রের সঙ্গে পরিচয় হয়। তার মাধ্যমে কিছু চরিত্র জনপ্রিয় হয়ে ওঠে। আমার জীবনেও তাই হয়েছে। মহশুর গুলাটির মতো চরিত্র আমার জীবনে এসেছে। আর আমাকে এই চরিত্রের নামে সবাই চেনে। ভারত ছবিতে আমি বিলায়তি চরিত্রে অভিনয় করেছি। দর্শক পছন্দ করলে এটাই হয়তো আমার নতুন আরেকটি পরিচয় হবে।’

শুধু কৌতুক অভিনেতা হিসেবে নয়। নেতিবাচক চরিত্রেও প্রশংসা কুড়িয়েছেন সুনীল। নিজের কোন সত্তাকে আগে রাখতে চান তিনি, এর জবাবে এ অভিনেতা বলেন, ‘একজন অভিনেতার কাছে সব চরিত্রই সমান গুরুত্বপূর্ণ। তবে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমার মধ্যে মানুষকে হাসানোর ক্ষমতা দিয়েছেন। আর এর সাহায্যে আমার সংসারও চলে। তবে এই চাপের যুগে আমি মানুষকে হাসাতে পারছি ভেবেই আনন্দ হয়। মানুষকে বিনোদন দেওয়ার মতো মজা অন্য কিছুতে নেই।’
সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ভারত ছবিতে দেখা যাবে সুনীল গ্রোভারকে। এই ছবিতে সালমানের ছোটবেলার বন্ধু ‘বিলায়তি’র চরিত্রে অভিনয় করছেন তিনি। বলিউডের ভাইজান মুক্তকণ্ঠে সুনীলের প্রশংসা করেছেন।

সালমানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন, জবাবে এ অভিনেতা জানান, ‘আমি সালমানের কাজের ভক্ত। তাঁর সঙ্গে কাজের সুযোগ পাওয়া আমার কাছে খুব বড় ব্যাপার। শুরুতে আমি খুব নার্ভাস ছিলাম। তিন-চার দিন সময় লেগেছিল মানিয়ে নিতে। সালমান খুব সহজে আমাকে কাছে টেনে নেন। ধীরে ধীরে আমি তাঁর পরিবারের একজন সদস্য হয়ে উঠেছি।’

ভারত ছবির শুটিংয়ের সময় খুব কাছ থেকে সালমানকে দেখেছেন সুনীল। একজন অভিনেতার বাইরে আসল ভাইজানকে আবিষ্কার করেছেন এই তারকা। এ প্রসঙ্গে সুনীল বলেন, ‘সালমানের হৃদয় অত্যন্ত বড়। সব সময় মানুষকে সাহায্যের জন্য তিনি প্রস্তুত। এমনকি মাঝরাতেও কোনো অচেনা–অজানা মানুষকে সাহায্য করতে তিনি এগিয়ে যান।’

শুটিংয়ের সময় খুব সুন্দর মুহূর্ত জীবনের স্মৃতিতে জমা হয়েছে। তিনি বলেন, ‘ভারত ছবির শুটিংয়ের কারণে আমরা অনেক ঘোরাঘুরি করেছি। মজার অনেক কিছুই ঘটেছে। সালমান, ক্যাটরিনা, আমি খুব মজা করে শুটিং করেছি। একটি দৃশ্যে ক্যাটরিনা আমাকে চড় মারবে। আর ও সজোরে আমায় চড় মারে। এত জোরে চড় মারে যে আওয়াজ হয়। তখন আমার হাসির কথা নয়। কিন্তু সালমান এমন জোরে হেসে ওঠেন যে আমিও আর হাসি চেপে রাখতে পারি না।’

৫ জুন ভারত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাওয়া এই ছবির পরিচালক আলী আব্বাস জাফর। ছবির অভিনয়শিল্পীরা হলেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, সুনীল গ্রোভার, দিশা পাটানি, জ্যাকি শ্রফ প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.