অ্যাকশন ছবিতে প্রিয়াংকাকে পাশে চান পরিণীতি

অ্যাকশন ছবিতে প্রিয়াংকাকে পাশে চান পরিণীতি।
দোস্তি ও মাস্তি—দুই জায়গায়ই দুই বোনের অসাধারণ রসায়ন। প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া যেন দুই সই। বলিউডে এখনো দুজনকে এক ছবিতে দেখা যায়নি। প্রিয়াঙ্কা চোপড়া এসেছেন, জয় করেছেন ভক্তদের হৃদয়। পরিণীতি হাঁটছেন সে পথে। দুই বোনের এক ছবিতে অভিনয় নিয়ে ভক্তদের আগ্রহও আছে ঢের। সম্প্রতি পরিণীতি জানালেন, অ্যাকশন ছবিতে বোন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করতে চান তিনি।

পরিণীতি বলেন, ‘যদি সঠিক কোনো পাণ্ডুলিপি পাই তবে অবশ্যই দুজন একসঙ্গে কাজ করব। আমি আরও বলতে চাই, যদি কোনো প্রযোজক কিংবা পরিচালক অ্যাকশনধর্মী ছবি করতে চান, তাহলে সে ছবিতেই আমরা অভিনয় করতে চাই। আমরা একসঙ্গে কাজ করার জন্য প্রচুর আলোচনা করেছি। কিন্তু কোনো ভালো ও সঠিক পাণ্ডুলিপি পাইনি।’

পরিণীতি তাঁর নতুন ছবি মুক্তির অপেক্ষায় আছেন। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অভিনীত এই ছবির নাম জাবারিয়া জোড়ি। কিছুদিন আগেই ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে। অনলাইনে বেশ প্রশংসিতও হয়েছে ট্রেলারটি। নিখাদ বিনোদনে ভরপুর এই ছবির চিত্রনাট্যে রয়েছে এক ভিন্ন স্বাদের বিয়ের গল্প। ভারতের বিহারের প্রেক্ষাপটে ছবির গল্প। যেখানে বরকে একরকম অপহরণ করেই বিয়ে দেওয়ার প্রথার কথা তুলে ধরা হয়েছে। এই ধরনের বিয়ের ফলে দিতে হয় না পণ, নিজের খুশি অনুযায়ী বিয়ের পিঁড়িতে বসে পড়েন মেয়েরা। এমন কাহিনিরই অসাধারণ দৃশ্যায়ন ধরা পড়বে এই ছবিতে।

ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পরিণীতি বলেছিলেন, এই ছবিতে মেসেজ যেমন আছে, তেমনি বিনোদনেও ঠাসা। তিনি বলেন, ‘আমরা ছবির মাধ্যমে কোনো বক্তৃতা দিতে পারি না। আমরা দেখাতে পারি, কী চলছে ভারতে।’

অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়ার ছবি দ্য স্কাই ইজ পিংক-এর চলছে প্রযোজনা-পরবর্তী কাজ। মুক্তি পাবে অক্টোবর মাসে। সূত্র: ইন্ডিয়া টুডে

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.