ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে একটি মাছ দিলে তার একবেলার খাবারের সংস্থান হবে। আর তাকে একটি জাল দিলে সে নিজেই কয়েক বেলার খাবার জোগাড় করতে পারবে। আর্থিক সংকট দূর করার ক্ষেত্রে নগদ সহায়তা স্বল্পমেয়াদে কার্যকর হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদি সমাধানের জন্য অর্থের উৎস বাতলে দেয়াটাই শ্রেয়। নভেল করোনাভাইরাসের কারণে মারাত্মক আর্থিক সংকটে থাকা উড়োজাহাজ নির্মাতা বোয়িংকে সে পথই দেখিয়ে দিয়েছে ফেডারেল রিজার্ভ।
একে তো করোনার কারণে বৈশ্বিক আকাশসেবা খাতে ধস নেমেছে। মহামারী ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে যাত্রী চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বাতিল করা হয়েছে একের পর এক ফ্লাইট। এ কারণে নতুন উড়োজাহাজের চাহিদা বর্তমানে একেবারে পড়ে গেছে। এ সমস্যা তো রয়েছেই, বোয়িংয়ের সংকটের বোঝা আরো বাড়িয়েছে তাদের ৭৩৭ ম্যাক্স সিরিজের উড়োজাহাজ। এছাড়া সাম্প্রতিক সময়ে কোম্পানিটি শেয়ার পুনঃক্রয়ের পেছনে একটু বেশিই অর্থ ব্যয় করেছে। সবকিছু মিলিয়ে বর্তমানে কঠিন এক আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে বোয়িংকে।
এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে মাস দুয়েক আগে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কাছে হাত পেতেছিল কোম্পানিটি। ৬ হাজার কোটি ডলারের আর্থিক সহায়তা চেয়েছিল তারা। কিন্তু সরকারের তরফ থেকে কোম্পানিটির আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ।
তবে নগদ সহায়তা না দিলেও ট্রাম্প প্রশাসন বোয়িংকে দেখিয়ে দিয়েছে কীভাবে নিজেরাই অর্থের সংস্থান করা যায়। ঋণবাজারকে চাঙ্গা করার জন্য সরকার ফেডকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়। ফেডও সে অনুযায়ী বিপুল পরিমাণে করপোরেট বন্ড কেনার সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত আর্থিক বাজারে তারল্য সংকট দূর করার ক্ষেত্রে অসাধারণ এক পদক্ষেপ।
আর ফেডের এ পদক্ষেপই চোখ খুলে দিয়েছে বোয়িংয়ের। কোম্পানিটিও নিজেদের আর্থিক সংকট দূর করার লক্ষ্যে করপোরেট বন্ড বিক্রির সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী আড়াই হাজার কোটি টাকার করপোরেট বন্ড ইস্যু করেছে তারা। সাতটি ক্যাটাগরিতে তিন থেকে ৪০ বছর মেয়াদি এসব বন্ড ইস্যু করা হয়েছে।
অর্থের সংস্থান হওয়ায় এখন আর সরকারি সহায়তার প্রয়োজন মনে করছে না বোয়িং। এ কারণে তারা সরকারের কাছে বেইলআউটের আবেদনও প্রত্যাহার করে নিয়েছে।
ফেড কিন্তু তাদের করপোরেট বন্ড ক্রয় কর্মসূচির অধীনে এখন পর্যন্ত একটি ডলারও ব্যয় করেনি। অথচ তাদের দেখানো পথে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বোয়িং ঠিকই আর্থিক সংকট থেকে উত্তরণের উপায় খুঁজে পেয়েছে। এর মাধ্যমেই বোঝা যায় ফেডের নীতি ঋণবাজারে আস্থা ফেরাতে কতটা ভূমিকা রেখেছে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ফেডের চেয়ারম্যান জেরোমি পাওয়েল বলেছেন, ‘যেসব কোম্পানি সাহায্যের জন্য আমাদের কছে আসার কথা চিন্তা করছিল, তারা আজ নিজেরাই নিজেদের অর্থের সংস্থান করতে পারছে। আমরা কেবল তাদের পথটা দেখিয়ে দিয়েছি। সংকটে থাকা কোম্পানিগুলোর অর্থায়ন দারুণভাবে এগিয়ে চলেছে। এটি খুবই ইতিবাচক একটি বিষয়। ’
আসলে আর্থিক সংকট থেকে উত্তরণের জন্য বোয়িংয়ের সামনে দুটি পথ খোলা ছিল। এক. অর্থসংস্থানের জন্য পুঁজিবাজারমুখী হতে হতো। দ্বিতীয় উপায় হলো, ফেডের কাছে অর্থায়ন সহায়তা অথবা করোনাভাইরাস এইড, রিলিফ অ্যান্ড ইকোনমিক সিকিউরিটি (কেয়ারস) অ্যাক্টের অধীনে রাজস্ব বিভাগের কাছে ঋণসহায়তা চাওয়া।
মার্চের শেষের দিকে ২ লাখ কোটি ডলারের একটি প্রণোদনা প্যাকেজের অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস ও ট্রাম্প প্রশাসন। এ প্যাকেজের অধীনে ফেডের স্থগিত থাকা ঋণ প্রদান কর্মসূচিগুলো চালু করে বাজারে আস্থা ফেরানোর উদ্যোগ নেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ফেড আরো বেশিসংখ্যক করপোরেট বন্ড কেনার সিদ্ধান্ত নেয়, যাতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অর্থায়ন সংকট কিছুটা হলেও মেটানো যায়। তবে ফেড এখনো তাদের সেই কার্যক্রম শুরু না করলেও বোয়িং ঠিকই তাদের তহবিলের ব্যবস্থা করে নিয়েছে।