নতুন সাজে বিশ্বজুড়ে উড়বে ইতিহাদের ড্রিমলাইনার

আবুধাবিভিত্তিক উড়োজাহাজ সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ তাদের অংশীদার ম্যাকলারেন রেসিংয়ের বিশেষ নকশায় সাজিয়েছে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার।

আবুধাবিভিত্তিক উড়োজাহাজ সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ তাদের অংশীদার ম্যাকলারেন রেসিংয়ের বিশেষ নকশায় সাজিয়েছে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। প্রথমবারের মতো কোনো ফর্মুলা ওয়ান দলের পরিচিত রং ও ব্র্যান্ডিং যুক্ত হলো বড় আকারের বাণিজ্যিক উড়োজাহাজে। বিশেষ এই উড়োজাহাজের মাধ্যমে বিশ্বজুড়ে ম্যাকলারেনের ভক্তদের কাছে পৌঁছানোর পাশাপাশি দুই প্রতিষ্ঠানের অংশীদারত্বকে নতুনভাবে তুলে ধরতে চায় ইতিহাদ।

মঙ্গলবার, ১০ নভেম্বর আবুধাবির ইতিহাদ ইঞ্জিনিয়ারিং স্থাপনায় এক অনুষ্ঠানের মাধ্যমে উড়োজাহাজটির নতুন নকশা উন্মোচন করা হয়। এতে ম্যাকলারেনের বিখ্যাত প্যাপায়া বা কমলা রং এবং দলের স্বতন্ত্র পরিচিতি ফুটিয়ে তোলা হয়েছে। নকশা উন্মোচনের আয়োজনটি আরও বিশেষ হয়ে ওঠে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিতে। একক বৃহৎ পর্দা উন্মোচনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে এই আয়োজন।

ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা আন্তোনোয়ালদো নেভেস জানান, ফর্মুলা ওয়ান বিশ্বজুড়ে মানুষকে একত্র করে এবং বিভিন্ন দেশের ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করে। ম্যাকলারেনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ভক্তদের আরও কাছাকাছি পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও জানান, নতুন নকশার উড়োজাহাজটির প্রথম ফ্লাইট মঙ্গলবার মাদ্রিদের উদ্দেশে যাত্রা করবে। এরপর পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে এটি পরিচালনা করা হবে।

আবুধাবি থেকে ডাবলিন, মিলান, ভিয়েনা, বালি, ব্যাংকক ও দিল্লিসহ বিভিন্ন শহরে উড়বে বিশেষ নকশার এই উড়োজাহাজ। ফলে আন্তর্জাতিক রুটে চলাচলের সময় ম্যাকলারেনের পরিচিত রং ও ব্র্যান্ডিং বিশ্বজুড়ে প্রদর্শিত হবে।

ম্যাকলারেন রেসিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ব্রাউন বলেন, এই উড়োজাহাজ দুটি আন্তর্জাতিকভাবে পরিচিত ব্র্যান্ডকে এক জায়গায় নিয়ে এসেছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্ত ও গ্রাহকদের সঙ্গে ইতিহাদ ও ম্যাকলারেনের যোগাযোগ আরও বাড়বে।

জানা গেছে, উড়োজাহাজটির নকশা চূড়ান্ত করতে নেভেস ও ব্রাউন মিলে ১৫টি বিকল্প পর্যালোচনা করেছিলেন। সেখান থেকেই চূড়ান্ত নকশাটি নির্বাচন করা হয়।

চলতি বছরের শুরুতে ঘোষণা করা ইতিহাদ ও ম্যাকলারেনের অংশীদারত্বের অংশ হিসেবেই নতুন এই উদ্যোগ। ২০২৬ মৌসুম ও পরবর্তী সময়ের জন্য ইতিহাদ ম্যাকলারেন মাস্টারকার্ড ফর্মুলা ওয়ান দল এবং ম্যাকলারেন হাইপারকার দলের আনুষ্ঠানিক অংশীদার।

শুধু উড়োজাহাজেই নয়, ম্যাকলারেনের রেসিং কার এবং চালকদের হেলমেটেও ইতিহাদের ব্র্যান্ডিং রয়েছে। ২০০৯ সাল থেকে ফর্মুলা ওয়ান আবুধাবি গ্রাঁ প্রিঁর শিরোনাম পৃষ্ঠপোষক হিসেবেও যুক্ত রয়েছে সংযুক্ত আরব আমিরাতের এই বিমান সংস্থা। এ বছরের মৌসুমের শেষ প্রতিযোগিতা ৩ থেকে ৬ ডিসেম্বর আবুধাবির ইয়াস আইল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Comments (0)
Add Comment