বিশেষ বিমান ধরে যে যার যার মতো দেশে ফিরছে

জীবনটা থমকে গেছে চার দেয়ালের মাঝে। সাথে স্বপ্নগুলো থমকে আছে অনিশ্চয়তার ভাঁজে। আর ভালোবাসা সে তো আজ ঢুকরে-ঢুকরে বিশাদের সুর তুলে কাঁদে।

যে ভালোবাসা কিছুদিন আগেও স্ব-মহিমায় রোমাঞ্চের সৌরভ ছড়িয়েছিল ভার্চ্যুয়াল জগৎ ইমো, ম্যাসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে। সে ভালোবাসা আজ ফিরতে চায় বাস্তবে। পরম মমতায় বুকে জড়িয়ে অঝোরে কাঁদতে চায়। একসময় যে ‘দূরত্ব’ ভালোবাসা বাড়িয়েছে, সে দূরত্বে আজ ভয়, অনিশ্চয়তা ও উৎকণ্ঠা।

যে মা কিছুদিন আগেও ফোনে হেসে হেসে জিজ্ঞেস করত, ‘কেমন আছিস বাবা? কেমন চলছে পড়াশোনা? আমেরিকা কেমন রে?’ আজ সে মায়ের চোখে–মুখে উৎকণ্ঠার ছাপ। বেধনাবিধুর কণ্ঠে শুধু জানতে চায় ‘কখন আসবি বাবা? আসার কি কোনো ব্যবস্থা হলো?’

আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী ফোনে সবার একটাই পরামর্শ, ‘রুম থেকে বের হইও না, আমেরিকার অবস্থা খুবই করুণ।’ করুণ তো বটেই! তবে আমি তো ঘরকুনো ছেলে নই। রবীন্দ্রনাথের ছুটি গল্পের ফটিকের মতো আমি ছিলাম গায়ের ‘বালকদিগের সর্দার’। তাই এই বন্দিদশা আমার মনকে বিষিয়ে তুলেছে।

‘কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ’ (সিসিআই) প্রোগ্রামের আওতায় গেল বছরের জুলাইয়ের মাঝামাঝিতে আমি নর্থহ্যামটন কমিউনিটি কলেজের ‘সাংবাদিকতা’ বিভাগে ভর্তি হই। কলেজটি আমেরিকার পেনসিলভেনিয়ার বেথলেহেমে অবস্থিত।

যে ক্যাম্পাস ও আবাসিক হল কিছুদিন আগেও শিক্ষার্থীদের আনাগোনা ও কোলাহলে মুখোরিত ছিল, সে ক্যাম্পাস ও আবাসিক হলে এখন পিনপতন নীরবতা। কোভিড-১৯–এর কারণে কলেজ ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলছে অনলাইনে।

কোথাও যাওয়ার জায়গা না থাকায় বিশেষ অনুরোধে আবাসিক হলে থাকতে দেওয়া হয়েছে আমাদের ১২ জনের একটি গ্রুপকে। যাঁরা বিশ্বের ১০টি ভিন্ন দেশের নাগরিক ও ২০১৯-২০২০ সেশনের সিসিআই প্রোগ্রামের অংশগ্রহণকারী। তবে বেঁধে দেওয়া হয়েছিল অনেক শর্ত।

গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাইরে যাওয়া যাবে না, বহিরাগত কাউকে হলে আনা যাবে না, হলের মধ্যে একসঙ্গে বসে আড্ডা, খাওয়াদাওয়া করা যাবে না, যোগাযোগের সময় নিজেদের মধ্যে ‘সোস্যাল ডিসটেনসিং’ মেইনটেইন করতে হবে, ইত্যাদি, ইত্যাদি।

গেল এক মাসের বেশি সময় ধরে এই শর্তগুলো মেনে কয়েদির মতো জীবন যাপন করছি। পড়ালেখায়ও মন নেই। বদ্ধ ঘরে অনলাইনে ক্লাস করতে করতে হাঁপিয়ে উঠেছি। কারণ আমার অনলাইনে ক্লাস করার অভিজ্ঞতা এরারেই প্রথম। টেবিলে অনেক বই ছড়িয়ে-ছিটিয়ে আছে। পড়ব পড়ব বলে আর পড়া হয় না। কী এক অজানা বিষণ্নতা প্রতি মুহূর্তে হৃদয়টাতে বিদীর্ণ করছে। কিছুদিন আগেও যে জীবন কর্মচাঞ্চল্যে গতিময় ছিল, সে জীবনে আজ নেমে এসেছে এক অসহনীয় স্থবিরতা। তাই তো পড়ন্ত বিকেলে জানালার পাশে বসে, নীল আকাশের দিকে তাকিয়ে, বিষণ্নতায় ভরা নতুন এই জীবনটাকে উপভোগ করার চেষ্টা।

সেমিস্টার শেষ হয়ে এল। এক এক করে বিশেষ বিমান ধরে যে যার যার মতো দেশে ফিরছে। এই তো কয়েক দিন আগে তুর্কি সরকারের পাঠানো বিশেষ বিমানে চড়ে দেশে ফিরেছে আমাদের দুই বন্ধু ‘ফিগান ও অনুর’। মিসরের বন্ধু ‘হেন ইয়াহিয়া’ দেশের উদ্দেশে যুক্তরাষ্ট্র ছেড়েছে গত রোববার। ‘ট্যাটু ও নিকি’ নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরবে যেকোনো দিন। কলম্বিয়ার ‘দ্বারিও লোপেজ’ দূতাবাস থেকে কনফারমেশন পেয়েছে, সেও আমেরিকা ছাড়বে কয়েক দিনের মধ্যে। তাদের দেখে আমার মনটাও যে ব্যাকুল হয়ে উঠেছে দেশে ফেরার জন্য। কবে আসবে বাংলাদেশ থেকে বিশেষ বিমান? কবে আমায় নিয়ে উড়াল দেবে?

লেখক : শিক্ষার্থী সাংবাদিকতা বিভাগ, নর্থহ্যামটন কমিউনিটি কলেজ, পেনিসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র

Comments (0)
Add Comment