হাজি কোটা কমিয়েছে সৌদি আরব

এ বছর বাংলাদেশ থেকে হাজিদের কোটা কমিয়ে দিয়েছে সৌদি সরকার। এজন্য হজ ও হজ প্যাকেজ নীতিতে সংশোধনী আনা হয়েছে।

এবার ১২ হাজার ১১০ জন কমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ১ হাজার ৫৮ জন হজে যেতে পারবেন।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৬ এবং পবিত্র হজ প্যাকেজ ২০১৬’ সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সংশোধনীতে এসব বিষয় উল্লেখ করা হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে বলেন, এ বছর অনুমোদিত সংখ্যা ছিল ১ লাখ ১৩ হাজার ১৬৮ জন। এবার সেখান থেকে হজযাত্রীর সংখ্যা কমিয়ে করা হয়েছে ১ লাখ ১ হাজার ৫৮ জন।

তিনি বলেন, সৌদি আরব হঠাৎ করেই বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বাংলাদেশকেও জানুয়ারি মাসে নেয়া হজ নীতি সংশোধন করতে হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এবার হাজিদের কোরবানির টাকা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। ব্যক্তিগতভাবে কোরবানি দেয়ার সুযোগও বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, হজ এজেন্সিগুলো আগে অন্তত ৫০ জন হাজি নিতে পারত। কিন্তু এবার অন্তত ১৫০ জন হাজি নিতে হবে।

বৈঠকে প্রতিবছর ২৮ এপ্রিল ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ উদ্যাপনের প্রস্তাব অনুমোদন করা হয় বলেও জানান শফিউল আলম।

Comments (0)
Add Comment