বিমানবন্দরে যাত্রীদের সুরক্ষায় সব ব্যবস্থা নেয়া হয়েছে: মাহবুব আলী

অভ্যন্তরীণ রুটে পরিচালিত প্লেন সমূহে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বিমানবন্দরে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

শনিবার দুপুরে অভ্যন্তরীণ রুটে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ফ্লাইট শুরু করার প্রস্তুতি দেখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ টার্মিনাল পরিদর্শনে এলে তিনি এসব কথা বলেন।

মাহবুব আলী বলেন, সব যাত্রীকে বিমানে ভ্রমণ করার সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার অনুরোধ করছি।

তিনি বলেন, গত বছরের ২৮ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর থেকে কোনো বিরতি ছাড়াই চলছে। দেশে করোনাভাইরাসের কারণে ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও এই কাজ চলমান ছিল। কাজের অগ্রগতি সন্তোষজনক হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যেই তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ সম্পন্ন হবে।

এর আগে প্রতিমন্ত্রী সব স্বাস্থ্যবিধি অনুসরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ফ্লাইট পরিচালনার জন্য ব্যবস্থাসমূহ সম্পর্কে অবহিত হন। অভ্যন্তরীণ টার্মিনালের নবনির্মিত বর্ধিতাংশও পরিদর্শন করেন তিনি।

এ সময় সিনিয়র সচিব মহিবুল হক ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment