কাতারে করোনাভাইরাসের পরিস্তিতির কারণে আটকে পড়া ৪১৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
বুধবার (১০ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (ডি৭৭৭-৩০০ বোয়িং) আটকে পড়া প্রবাশীদের নিয়ে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যায় বিশেষ ফ্লাইটটি ছাড়বে। ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি রাতে অবতরণ করবে।
বিশেষ ফ্লাইটে কাতার থেকে দেশে ফেরার জন্য অনলাইনে আবেদন করেন ৪১৯ জন। পরে ফ্লাইটটির অনুমোদন দেওয়া হলে ৪১৪ জন দেশে ফেরার টিকিট সংগ্রহ করেন।
বিশেষ এই ফ্লাইটে অধিকাংশ যাত্রীই দেশটিতে বেকার অবস্থায় জীবন যাপন করছিলেন বলে জানা গেছে। এছাড়া ট্যুরিস্ট ভিসা নিয়ে কাতারে গিয়েছিলেন এমন অনেক বাংলাদেশিও এই ফ্লাইটে ফিরছেন।
কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, কাতার সরকার এবং বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে দূতাবাস প্রথম ধাপে ৪১৪ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে পাঠানোর ব্যবস্থা করে।
দূতাবাস সূত্র আরও জানায়, সতর্কতা অবলম্বনে যেসব যাত্রী দেশে যাবেন, তারা অবশ্যই কাতার থেকে করোনাভাইরাসমুক্ত প্রত্যয়নপত্র নিয়ে দেশে ফিরবেন। অন্যথায় না হলে দেশে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের।
করোনাভাইরাসে কাতারে প্রায় ৮ হাজার বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।