মার্চ-এপ্রিল পর্যন্ত বাংলাদেশ বিমানের লোকসান ৯৩৯ কোটি টাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মোকাব্বির হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিশ্বব্যাপী সব বিমান্সংস্থাই সংকটে পড়েছে। বিমানও এর ব্যতিক্রম নয়। তবে এ পরিস্থিতিতেও বিমানকে টিকিয়ে রাখতে সম্ভব্য সব রকম ব্যয় কমিয়ে আনা হয়েছে। আমরা নিয়মিত চার্টার্ড ও কার্গো ফ্লাইট পরিচালনা করে যাচ্ছি।

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং করছে বিমান। আর এসব মাধ্যমে যা আয় হচ্ছে তা দিয়ে এয়ারলাইনসের প্রায় ৬০০ কর্মকর্তা-কর্মচারীর বেতন দেয়া হচ্ছে। এ পর্যন্ত কোনো কর্মী ছাঁটাই করা হয়নি। তবে আয় কমায় বিমানের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুসারে কর্মীদের বেতন ১০-৫০ শতাংশ কমানো হয়েছে। আমরা আশা করছি বিমান সব সংকট মোকাবেলা করে টিকে থাকবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচল স্থগিত থাকায় গত মার্চ-এপ্রিল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লোকসান হয়েছে ৯৩৯ কোটি টাকা। একই পরিস্থিতি চলমান থাকলে মে ও জুন মাস মিলে সম্ভাব্য লোকসান ধরা হয়েছে আরো ৭৮০ কোটি টাকা।

বর্তমানে সংস্থার বহরে উড়োজাহাজ রয়েছে মোট ১৮টি। এর মধ্যে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে সরাসরি কেনা হয়েছে ১২টি। এর মধ্যে ৪১৯ আসনের লম্বা দূরত্ব পাড়ি দিতে সক্ষম বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ রয়েছে চারটি। ২০১১-১৪ তিন বছরের মধ্যে উড়োজাহাজগুলো বিমানবহরে যুক্ত হয়। পরবর্তী সময়ে ধাপে ধাপে যুক্ত হয় ১৬২ আসনের দুটি বোয়িং ৭৩৭-৮০০ ও ২৭১ আসনের ছয়টি বোয়িং ৭৮৭ ‘ড্রিমলাইনার’ উড়োজাহাজ। বাকি ছয়টি উড়োজাহাজের মধ্যে চারটি ৭৩৭-৮০০ ও ৭৪ আসনের দুটি ড্যাশ-৮ লিজে আনা হয়েছে। বর্তমানে এসব উড়োজাহাজের জন্য কেবল রক্ষণাবেক্ষণেই বিমানকে প্রতি মাসে গুনতে হচ্ছে ২৬৬ কোটি টাকা। শুধু উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ নয়, এর বাইরেও প্রতি মাসে লিজে আনা ছয়টি উড়োজাহাজের জন্য ৯৮ কোটি টাকা, বোয়িং থেকে কেনা উড়োজাহাজের কিস্তি বাবদ ৭০ কোটি এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও দেশ-বিদেশের অফিস রক্ষণাবেক্ষণে আরো অর্থ ব্যয় করতে হচ্ছে সংস্থাটিকে।

করোনাভাইরাসের কারণে আমদানি-রফতানি কমে যাওয়া ও ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় চলতি বছরের প্রথম তিন মাসে মাত্র ৯০ কোটি টাকা আয় করেতে সমর্থ হয়েছিল বিমান। গত এপ্রিলে ১৭টি চার্টার্ড ফ্লাইট থেকে সামান্য কিছু আয় করতে সক্ষম হয়েছিল বিমান। তাই ব্যয় কমাতে গত মার্চ মাস থেকে বিমানের সব কর্মকর্তার ওভারটাইম ভাতা প্রদান বাতিল করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান এ প্রসঙ্গে জানান, বিমানের আয় কমলেও একেবারে শূন্যে নেমে আসেনি। বিমান চার্টার্ড ফ্লাইট পরিচালনা করছে। গ্রাউন্ড হ্যান্ডলিং থেকেও আয় করছে। সামনে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। তিনি বলেন, বিমানের অনেক ব্যয় কমিয়ে আনা হয়েছে। আশা করছি, শিগগিরই এ অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

প্রসঙ্গত, গত সপ্তাহ থেকে পারিবারিক ভ্রমণের জন্য অভ্যন্তরীণ রুটেও চার্টার্ড ফ্লাইট চালু করছে বিমান। দূরত্বভেদে ট্রিপে উড়োজাহাজ ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৩ থেকে ৫ লাখ টাকা। আগ্রহীরা চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে অভ্যন্তরীণ সাতটি গন্তব্যে যেতে পারবে। তবে এ উদ্যোগেও এখন পর্যন্ত তেমন সাড়া পায়নি বিমান।

Comments (0)
Add Comment