এভিয়েশন নিউজ রিপোর্ট : করোনাভাইরাস মহামারীতে সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা ৭৫১ জন প্রবাসী কর্মী আজ দেশে ফিরে এসেছেন । বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এমিরেটস এয়ারওয়েজের দুটি বিশেষ ফ্লাইটে তারা আজ দুবাই থেকে ঢাকায় ফেরেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ৩৯১ জন প্রবাসী কর্মী নিয়ে বিমানের বিশেষ ফ্লাইটটি ঢাকায় নেমেছে বিকেল সাড়ে চারটার দিকে। তাদের অনেকেই ভ্রমণ এবং ব্যবসার কাজে দুবাই গিয়েছিলেন। এরমধ্যে অনেক যাত্রী ছিলেন তারা ট্রানজিট সুবিধা নিয়েছেন।
অন্যদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত চিকিৎসক মো. আকরাম গণমাধ্যমকে বলেন, ৩৬০ জন প্রবাসী কর্মী বহনকারী এমিরেটসের ফ্লাইটটি এসে পৌঁছেছে বিকেল সোয়া পাঁচটায়।
বিমানবন্দরের দায়িত্বরত চিকিৎসক মো. আকরাম বলেন, দেশে ফেরা সকল প্রবাসীকে নিজেদের বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।