এ মাসেই বাহরাইনে কাজে যাচ্ছেন ৮০০ জন, ফিরবেন ৬০০

২২ ও ২৬ জুনের বিশেষ দুটি ফ্লাইটে তাঁরা বাহরাইনে যাবেন

করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ থেকে এ মাসেই অন্তত ৮০০ কর্মী বাহরাইনে তাঁদের কর্মস্থলে ফিরতে যাচ্ছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২ ও ২৬ জুনের বিশেষ দুটি ফ্লাইটে তাঁরা বাহরাইনে যাবেন।

করোনাভাইরাস সংক্রমণের পর এই প্রথম দেশে আটকা পড়া বাংলাদেশের কর্মীরা মধ্যপ্রাচ্যের কোনো দেশের কর্মস্থলে ফিরে যাচ্ছেন।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশটিতে বাংলাদেশ দূতাবাস বৈধ ভিসা রয়েছে—এমন লোকজনের জন্য ওই ভ্রমণের ব্যবস্থা করেছে। ওই ফ্লাইটগুলোয় চড়ে বাহরাইনে আটকে পড়া অন্তত ৬০০ বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশে ছুটিতে এসে তিন হাজারের বেশি কর্মী আটকা পড়েছেন। যাঁদের ভিসার মেয়াদ জুনে শেষ হবে—এমন অন্তত ৮০০ কর্মীকে অগ্রাধিকার ভিত্তিতে ২২ ও ২৬ জুন বাহরাইনে আসার ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা থেকে যেসব বাংলাদেশি বিশেষ ফ্লাইটে চড়ে বাহরাইনে যাবেন, তাঁদের জনপ্রতি ভাড়া দিতে হবে ৪২ হাজার টাকা। আর বাহরাইন থেকে যাঁরা দেশে ফিরবেন, তাঁদের প্রত্যেককে ভাড়া গুনতে হবে ৩৫ হাজার টাকা।

এদিকে গতকাল রোববার পর্যন্ত বাহরাইনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন আর সনাক্ত হয়েছেন ১৮ হাজার ২২৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন প্রায় ১৩ হাজার।পরিস্থিতি সামলে নিয়ে ধীরে ধীরে জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে দেশটিতে।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে,  মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে গতকাল পর্যন্ত নয়জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন সাত শতাধিক। যদিও আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে গেছেন।

Comments (0)
Add Comment