করোনাভাইরাস পরিস্তিতিতে সৌদি আরবে আটকে পড়া প্রবাসীবাংলাদেশি শ্রমিকদের প্রথম বিশেষ ফ্লাইট আগামী শনিবার (২০ জুন) আসতে পারে। বাংলাদেশ দূতাবাস বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী আবেদনকারীদের মধ্য থেকে ৩৫৭ জন যাত্রীর সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে ।
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, সৌদি আরব থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি শ্রমিকদের পর্যায়ক্রমে দেশে ফেরত আনতে সরকারের সিদ্ধান্তের বিষয়ে সম্প্রতি সৌদি সরকার সম্মতি দিয়েছে। এরপর বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আগামী ২০ জুন রিয়াদ থেকে এবং আগামী ১ জুলাই সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের দুইটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এসব ফ্লাইটে আটকে পড়া বাংলাদেশিরা নিজ খরচে দেশে ফিরতে পারবেন।
তবে বিশেষ ফ্লাইট দুটি তারিখ এখনো সম্ভাব্য বলেও দূতাবাস জানিয়েছে।
মঙ্গলবার দেশে ফিরতে আগ্রহী আবেদনকারীদের মধ্য থেকে ৩৫৭ জন যাত্রীর সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় থাকা প্রবাসীদের রিয়াদে বাংলাদেশ বিমানের রিজিওনাল অফিসে যোগাযোগের মাধ্যমে টিকিট সংগ্রহ করার জন্য বলা হয়েছে।
এছাড়া প্রত্যেক যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করে ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে স্থানীয় কয়েকটি হাসপাতাল থেকে করোনামুক্ত সার্টিফিকেট নেওয়ার জন্য বলা হয়েছে।