চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারত আরও ৩৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে

ভারত লাদাখ সীমান্তে চীনের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে নিজেদের বিমানবাহিনীকে আরও শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে৷ ভারতীয় বিমান বাহিনী ১২টি সুখোই ও ২১টি নতুন MiG-29s যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিল৷ ইন্ডিয়ান এয়ারফোর্স ইতিমধ্যেই ওই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো কেনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে৷ দ্রুত ক্রয় প্রক্রিয়া শেষ করতে কেন্দ্রীয় সরকারকেও প্রস্তাবপত্র পাঠিয়ে দিয়েছে দেশটির বিমান বাহিনী।

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, প্রস্তাবটি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে গিয়েছে৷ প্রতিরক্ষা মন্ত্রণালয় আগামী সপ্তাহের মধ্যে প্রায় ৫ হাজার কোটি টাকার ওই প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ভারত ২০১৬ সালে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষরের পরে দ্বিতীয় পর্যায়ে এই ৩৩টি যুদ্ধবিমান কিনতে চলেছে। প্রস্তাবপত্রে বলা হয়েছে, রাশিয়ার থেকে আরও MiG-29s যুদ্ধবিমান কেনার পাশাপাশি MiG-29 কেনার চলতি চুক্তিতেও কিছু অদলবদল করা হবে৷

সূত্র: নিউজ এইটটিন

Comments (0)
Add Comment