আজ বিশেষ ফ্লাইটে সৌদি থেকে দেশে ফিরছেন ৩৮৬ বাংলাদেশি

আজ বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে আটকে পড়া ৩৮৬ জন যাত্রী।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বোয়িং ৭৭৭ আটকে পড়া ৩৮৬ জন যাত্রীদের নিয়ে রবিবার সকালে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

রিয়াদ দূতাবাস জানায়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সৌদি আরবের সঙ্গে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায়, বাংলাদেশিরা দেশে ফিরতে পারছে না। এ অবস্থায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা থেকে দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। জেদ্দা থেকে বিমানের আরেকটি বিশেষ ফ্লাইট আগামী ১ জুলাই ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

সৌদি আরব থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিরা দূতাবাসের ওয়েবসাইটে আবেদন করলে তাদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের তালিকা চূড়ান্ত করা হয়। তালিকায় গুরুতর অসুস্থ, ভিজিট ভিসায় এসে আটকে পড়া ও যারা ফাইনাল এক্সিট নিয়ে চূড়ান্তভাবে দেশে যাওয়ার অপেক্ষায় ছিলেন তাদের অগ্রাধিকার দেওয়া হয়।

সৌদি আরব থেকে দেশে ফিরে যাওয়ার জন্য এ পর্যন্ত প্রায় ৩৫০০ বাংলাদেশি প্রবাসী আবেদন করেছেন।

Comments (0)
Add Comment