কাশ্মীর থেকে পাকিস্তানের ভিসা নিয়ে উধাও ২০০ যুবক, আতঙ্কে ভারত

ভারতে চীন ও নেপালের সঙ্গে সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাশ্মীর নিয়ে এবার নতুন চিন্তায় পড়েছে মোদি প্রশাসন।

ভারতের গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, প্রায় ২০০ জন যুবক জম্মু কাশ্মীর থেকে নিখোঁজ হয়েছে। এদের প্রত্যেকের কাছে পাকিস্তানি ভিসা রয়েছে বলে জানা গেছে।

জম্মু কাশ্মীর থেকে ২০০ জন যুবকের নিখোঁজ হবার তথ্য প্রকাশ্যে আসার পরই ভারতীয় প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে।

প্রশাসনের ধারণা জঙ্গি সংগঠনে নাম লেখানোর পরই এরা নিখোঁজ হয়েছে। পাকিস্তান এদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার জন্যই মগজধোলাই করেছে। জম্মু কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যে এদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে মনে করছে নয়াদিল্লি। ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

২০১৭ সাল থেকে জম্মু কাশ্মীরের ৩৯৯ জন যুবককে ভিসা দিয়েছে পাকিস্তান হাই কমিশন। এর মধ্যে ২১৮ জনের পরিচয় জানা যায়নি।

গোয়েন্দা সূত্রের খবর অস্ত্র সরবরাহ, সেনা সম্পর্কিত তথ্য এদের থেকে জানতে চাইছে পাকিস্তান। প্রশিক্ষণের পর কাশ্মীরে ফেরত পাঠানো হবে এদের। এই যুবকরা কাশ্মীরে হামলা চালাতে পারে।

ভারত ক্রমাগত পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ ঠেকিয়ে চলেছে। এই সব জঙ্গিদের মধ্যে বেশ কয়েকজন ফিরে আসছে পাকিস্তানি ভিসা নিয়ে।

গত ৫ এপ্রিল ৫ জঙ্গিকে হত্যা করে ভারতীয় সেনারা। এর মধ্যে ছিল আদিল হুসেন, উমর নাজির খান, সাজ্জাদ আহমেদ হুররা। এরা ২০১৮ সালে পাকিস্তান যায়, তাদের কাছে পাকিস্তান হাই কমিশনের দেওয়া ভিসা ছিল।

বৃহস্পতিবারই মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে ২০১৯ সালে পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিলেও, তা যথেষ্ট নয়। কারণ পাকিস্তান এখনও জঙ্গি সংগঠনের কাছে স্বর্গরাজ্য। বরাবরই ভারত পাকিস্তান আশ্রিত জঙ্গিদের বাড়বাড়ন্তের কথা বলে এসেছে। এই মার্কিন রিপোর্ট সেই দাবিকেই সত্যায়িত করল বলে মনে করা হচ্ছে।

এদিন মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় ভয়াবহ হামলার পরে কিছু পদক্ষেপ পাকিস্তান নেয় ঠিকই, কিন্তু তা প্রয়োজনের তুলনায় যৎসামান্য।

মার্কিন যুক্তরাষ্ট্র এক প্রতিবেদনে  জানায়, ভারতকে নিশানা করেছে আফগান তালিবানরা, তাদের সঙ্গে জড়িত হাক্কানি নেটওয়ার্ক, এমনকি পাকিস্তানের মাটিতে বেড়ে ওঠা ও আশ্রয় পাওয়া জঙ্গি সংগঠগুলো। লস্কর, জইশের মত সংগঠনগুলো পাকিস্তানি মদতপুষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: কলকাতা২৪

Comments (0)
Add Comment