যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টিতে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) দুপুরে আবাসিক এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের সৃষ্টি হয়। নিহতদের সবাই উড়োজাহাজটির আরোহী বলে জানিয়েছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটি ছিল লিয়ারজেট ৬০ মডেলের। স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে দক্ষিণ ফ্লোরিডার ক্রেস্টহেভেন এলাকার কাছে এটি বিধ্বস্ত হয়। ব্যবসায়িক কাজে ব্যবহৃত ব্যক্তিমালিকানাধীন উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি এ ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে ঘটে যাওয়া দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং পরিবহন বিভাগ ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তদন্তের অগ্রগতি ও নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
এদিকে দুর্ঘটনায় উড়োজাহাজের বাইরে বা আশপাশের এলাকায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কাছাকাছি থাকা বাড়িঘর ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
দুর্ঘটনার তদন্তে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং এফএর কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। দুর্ঘটনাস্থলটি মিলিটারি ট্রেইল ও টেনথ অ্যাভিনিউ নর্থের কাছাকাছি বলে জানা গেছে।
অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জিম রেনল্ডস জানিয়েছেন, বিধ্বস্ত উড়োজাহাজটি ব্যক্তিমালিকানাধীন ছিল। এর নিবন্ধন নম্বর এন৭২২বিডি। তবে উড়োজাহাজটিতে কারা ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তিনি জানাতে পারেননি।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজটি আকাশ থেকে খাড়াভাবে নিচে নেমে একটি ব্যস্ত সড়কে আছড়ে পড়ে। মুহূর্তেই সেখানে আগুনের বিশাল গোলা তৈরি হয়। দুর্ঘটনায় সড়কে বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং পাশের একটি বিদ্যুতের খুঁটির কাছে আগুন জ্বলতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। আশপাশের বাড়িঘর থেকে মাত্র কয়েক ফুট দূরে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, দুর্ঘটনাস্থলটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো এস্টেট থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে। দুর্ঘটনার সময় ট্রাম্প আইওয়া অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনের একটি সমাবেশে অংশ নিচ্ছিলেন। তবে দুর্ঘটনার সঙ্গে তাঁর সফরের কোনো সম্পর্ক রয়েছে বলে জানা যায়নি। তদন্ত শেষে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।