বিমানের ৯ পাইলটকে বিনা বেতনে ছুটি, ১ জনের চুক্তি নবায়ন হয়নি!

করোনাকালীন খরচ কমাতে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের  ৯ পাইলটকে বিনা বেতনে ছুটি দিয়েছে ম্যানেজমেন্ট। এই ৯ পাইলট হলেন ক্যাপ্টেন হাসনাইন, ক্যাপ্টেন ইসমত, ক্যাপ্টেন রফিক, ক্যাপ্টেন খাজা, ক্যাপ্টেন ইসহাক, ক্যাপ্টেন জাকির, ক্যাপ্টেন মঞ্জুর, ক্যাপ্টেন হাসান ইমাম ও ক্যাপ্টেন তরিক। এদের মধ্যে ক্যাপ্টেন তরিক বোয়িং ৭৩৭ উড়োজাহাজের পাইলট বাকীরা বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহেজর পাইলট। গত ১৮ এপ্রিল এক অফিস আদেশে এই ছুটি দেয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে বাপার এক শীর্ষ কর্মকর্তা  বলেন, বিমানে কর্মরত পাইলটদের সঙ্গে ম্যানেজমেন্টের বেতনভাতাসহ আনুসঙ্গীক সুযোগ সুবিধা নিয়ে একটি চুক্তি (বাপা এগ্রিমেন্ট) রয়েছে।

কিন্তু অভিযোগ উঠেছে, সম্প্রতি পাইলটদের বেতন কর্তন, অ্যালাউন্স বাতিল, চুক্তিভিত্তিক নিয়োগ ও চুক্তি নবায়ন না করাসহ কমপক্ষে ১০টি খাতে চুক্তি ভঙ্গ করেছে বিমান ম্যানেজমেন্ট। কোন ধরনের আলোচনা ছাড়াই বিমান ম্যানেজমেন্ট চুক্তি ভিত্তিক এই ৯ পাইলটকে বিনা বেতনে ছুটিতে পাঠিয়েছে।

বাপা এগ্রিমেন্ট অনুযায়ী বাপা সদস্যভুক্ত কোন পাইলটের বয়স ৬০ বছর হলে তিনি বাকী ৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন। এইক্ষেত্রে প্রতি বছর চুক্তি নবায়ন করা হবে। কিন্তু ইতিমধ্যে ক্যাপ্টেন ইসমতের চুক্তির মেয়াদ এক বছর শেষ হয়ে গেলেও তার চাকরীর মেয়াদ নবায়ন করেননি ম্যানেজমেন্ট।

পাইলটদের সংগঠন বাংলাদেশ পাইলট এসোসিয়েশনের (বাপা) নেতারা বলেছেন, এসব চুক্তি ভঙ্গের জন্য বাপার পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments (0)
Add Comment