করোনায় আবুধাবীতে আটকে পড়া ১৪০ জন বাংলাদেশি আজ দেশে ফিরেছেন

করোনাভাইরাস পরিস্তিতিতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে আটকে পড়া ১৪০ জন বাংলাদেশি আজ দেশে ফিরেছেন।

মঙ্গলবার আবুধাবীর স্থানীয় সময় ভোর ৫টায় ১৪০ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ও বাংলাদেশ সময় বেলা ১১টা ৪২ মিনিটে ঢাকায় অবতরণ করে।

গত প্রায় চার মাস সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে আটকে ছিলেন বহু বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছিলেন না তারা। এ অবস্থায় বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবী থেকে মঙ্গলবার আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। আবুধাবী থেকে প্রত্যেক যাত্রী করোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন।

ইউএস-বাংলা কোভিড-১৯ পরিস্থিতিতে ইতোমধ্যে চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক, দুবাইতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

Comments (0)
Add Comment