করোনাভাইরাস পরিস্তিতিতে দেশে এসে আটকে পড়া ২৭৬ বাংলাদেশি প্রবাসী ফিরে গেছেন ইতালিতে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে রোমের উদ্দেশে যাত্রা করেন আটকে পড়া ২৭৬ বাংলাদেশি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, যাত্রীদের মধ্যে অধিকাংশই প্রবাসী বাংলাদেশি হলেও কয়েকজন ইতালির নাগরিকও রয়েছেন।
বিশেষ ফ্লাইটের যাত্রীরা সবাই দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। সেখানে করোনাভাইরাসের মহামারি দেখা দিলে তাঁরা দেশে ফিরে আসেন। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ইতালিতে ফিরে যাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের জন্য এই বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়।