ফিরতে চান আমিরাত প্রবাসীরা, মিলছে না টিকিট

আবুধাবিতে অবতরণকারী সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্স ভিসাধারীদের জন্য আর আইসিএ অ্যাপ্রুভালের প্রয়োজন হবে না বলে জানিয়েছে আমিরাত।
সেই সুযোগ নিয়ে দেশে আটকে থাকা আমিরাত প্রবাসীরা কর্মস্থলে ফিরতে চাইলেও টিকিটের অভাবে তা হচ্ছে না।
গত দুদিন ধরে টিকিটের জন্য বিমান বাংলাদেশের চট্টগ্রাম অফিসে ভিড় করছেন হাজারও প্রবাসী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, আগামী ৩০ আগস্ট পর্যন্ত আবুধাবিগামী সপ্তাহে ৪টি ফ্লাইট আছে বিমানের।
যার প্রতিটিতে আসন আছে ২৭৮টি। কিন্তু মঙ্গলবার থেকে হাজারও টিকিট প্রত্যাশী বিমান অফিসে ভিড় করছেন।
অথচ চলতি মাসে আবুধাবিগামী সব ফ্লাইটের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।
এ অবস্থায় ফ্লাইট না বাড়ালে বাড়তি টিকিট দেওয়া সম্ভব হবে না।

তবে অভিযোগ উঠেছে, বিমান অফিসে টিকিট পাওয়া না গেলেও বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও এজেন্টদের কাছে বাড়তি মূল্যে ঠিকই টিকিট পাওয়া যাচ্ছে।
৩০ থেকে ৪০ হাজার টাকার টিকিট চাওয়া হচ্ছে ৮০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত।

Comments (0)
Add Comment