মুরগির মাংস-চিংড়িতে করোনাভাইরাস

ব্রাজিল থেকে আমদানিকৃত হিমায়িত মুরগির ডানা ও ইকুয়েডরের চিংড়ি মাছে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে চীন।
দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে আমদানি করা হয়েছিল মুরগির মাংস।
বৃহস্পতিবার শেনঝেন শহরের সরকার এক বিবৃতিতে বলেছে, মুরগির হিমায়িত মাংসের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। শহরের বাসিন্দাদের হিমায়িত মাংস ও অন্যান্য খাবার কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে, গত জুনে রাজধানী বেইজিংয়ের জিনফাদি মাংস ও সামুদ্রিক খাবারের বাজারে করোনার নতুন প্রাদুর্ভাব শুরু হয়।
ওই বাজারের সামুদ্রিক খাবার থেকে করোনা ছড়িয়ে পড়ার পর সেখানকার সব বাসিন্দার করোনা পরীক্ষা করা হয়।

শেনঝেনের স্থানীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে ব্রাজিল থেকে আমদানি করা মুরগির হিমায়িত ডানার নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য দূষিত খাদ্যপণ্যের সংস্পর্শে আসা প্রায় প্রত্যেককে শনাক্ত করার পর পরীক্ষার আওতায় আনা হয়েছে।
এছাড়া ব্রাজিল থেকে আনা মাংস যেখানে রাখা হয়েছিল, তার আশপাশের অন্যান্য খাবারও পরীক্ষা করে দেখা হয়েছে। তবে সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

Comments (0)
Add Comment