গত ২২ এপ্রিল সিঙ্গাপুর থেকে ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওয়ানা দেয় সিঙ্গাপুর বাজেটি এয়ারলাইন জেটস্টার এশিয়ার ফ্লাইট ৩কে৫৮৩। বিমানটি যখন ইয়াঙ্গুনে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল, তখনই যাত্রী হিসেবে থাকা এক অন্তঃসত্ত্বা নারীর প্রসব-যন্ত্রণা শুরু হয়।
বিমান অবতরণ করার পর ওই নারীকে দ্রুততার সঙ্গে হাসপাতালে স্থানান্তরিত করার তোড়জোড় শুরু করে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু সেই সময় যে পাওয়া যাবে না তা সবাই কিছুক্ষণের মধ্যেই টের পেয়ে যান। অগত্যা বিমানের মধ্যেই প্রসব করানোর প্রক্রিয়া শুরু হয়।
কাকতালীয়ভাবে বিমানে সেই সময় কয়েকজন চিকিৎসকও ছিলেন। তারাই মূল উদ্যোগটি নেন। তাদের সাহায্যে এগিয়ে আসেন বিমানের ক্রু এবং সহ-যাত্রীরাও। ওই নারী বিমানের মধ্যেই এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। সঙ্গে সঙ্গে বিমানে উপস্থিত সকলেই খুশিতে ফেটে পড়েন। সময় নষ্ট না করে বিমান সংস্থা ও যাত্রীদের তরফ থেকে পাওয়া সাহায্যের প্রতিদান হিসেবে তিনি সদ্যোজাত পুত্রসন্তানের নাম রাখলেন ‘স জেট স্টার’।
পরে মা ও সদ্যোজাতকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। দুজনই ভাল থাকায় তাদের ছেড়ে দেয়া হয়। বিমানসংস্থার পক্ষ থেকে ওই নারীকে প্রায় এক হাজার সিঙ্গাপুর ডলার মূল্যের শিশুদের প্রয়োজনীয় সামগ্রী উপহার দেয়া হয়।