বহরের নিজস্ব উড়োজাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি বিভিন্ন বিদেশী এয়ারলাইনসকেও প্রকৌশল সেবা দেয় রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এজন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে বিমানের নিজস্ব হ্যাঙ্গার। তবে বহরে উড়োজাহাজ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ভবিষ্যতের কথা চিন্তা করে আরো সুপরিসর দ্বিতীয় হ্যাঙ্গার নির্মাণের পরিকল্পনা করেছে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে হ্যাঙ্গার নির্মাণের পরিকল্পনা দিয়েছে বিমান কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন স্বাক্ষরিত ওই পরিকল্পনায় বলা হয়েছে, বিমান বহরের বর্তমান ও ভবিষ্যৎ উড়োজাহাজের রক্ষণাবেক্ষণের জন্য আধুনিক ও সুপরিসর দ্বিতীয় হ্যাঙ্গার নির্মাণ করা হবে। এছাড়া বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আইএসএজিও সনদ অর্জন ও উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে ইএএসএ-১৪৫ সনদ অর্জনের লক্ষ্যে কাজ করছে বিমান।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে উড়োজাহাজ রয়েছে ১৮টি। এর মধ্যে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে সরাসরি কেনা হয়েছে ১২টি। এগুলোর মধ্যে ৪১৯ আসনের লম্বা দূরত্ব পাড়ি দিতে সক্ষম বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ রয়েছে চারটি।
২০১১ থেকে ২০১৪ এ তিন বছরের মধ্যে উড়োজাহাজগুলো বিমানবহরে যুক্ত হয়। পরবর্তী সময়ে ধাপে ধাপে যুক্ত হয় ১৬২ আসনের দুটি বোয়িং ৭৩৭-৮০০ ও ২৭১ আসনের ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ। বিমানের বাকি ছয়টি উড়োজাহাজের মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭৪ আসনের দুটি ড্যাশ-৮ লিজে আনা হয়েছে। বর্তমানে এসব উড়োজাহাজের জন্য কেবল রক্ষণাবেক্ষণেই বিমানকে প্রতি মাসে খরচ করতে হয় ২৬৬ কোটি টাকা।
নির্দিষ্ট সময় অন্তর উড়োজাহাজে বড় ধরনের মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, যা সি-চেক নামে পরিচিত। বোয়িং ৭৭৭-৩০০ ইআরের মতো উড়োজাহাজের সি চেক করতে সময় লাগে প্রায় দুই সপ্তাহ।
বিমান বলছে, সংস্থার প্রকৌশল বিভাগের সক্ষমতা বাড়ায় দেশেই উড়োজাহাজের সি চেক করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে দেশী বিদেশী বিভিন্ন এয়ারলাইনসকেও রক্ষণাবেক্ষণ সেবা দিচ্ছে বিমানের প্রকৌশল বিভাগ। ফলে মেরামত খরচ কমানোর পাশাপাশি অন্য এয়ারলাইনসগুলোকে প্রকৌশল সেবা দিয়ে বিমানের আয় বাড়ছে।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, উড়োজাহাজের বড় ধরনের মেরামত ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা রয়েছে বিমানের প্রকৌশল বিভাগের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের নিজস্ব হ্যাঙ্গারে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের সি চেক হচ্ছে। এতে অন্য দেশে উড়োজাহাজ পাঠানোর সময় বাঁচানোর পাশাপাশি বিমানের উড়োজাহাজপ্রতি সাশ্রয় হচ্ছে প্রায় ৪ লাখ ডলার।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনস বর্তমানে প্রতি সপ্তাহে ঢাকা আবুধাবি ঢাকা রুটে ছয়টি, ঢাকা দুবাই ঢাকা রুটে সাতটি, ঢাকা লন্ডন ঢাকা রুটে একটি, ঢাকা কুয়ালালামপুর ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ঢাকা গুয়াংজু ঢাকা রুটে দুটি ও ঢাকা হংকং ঢাকা রুটে দুটি করে কার্গো ফ্লাইট পরিচালনা করছে।