আকাশপথে যাত্রাপথে ‘প্রকৃতির ডাকে’ সাড়া দেওয়াটা বেশ অস্বস্তিকর বটে।
বিমানে টয়লেট সুবিধা থাকলেও তা ব্যবহার করায় অস্বস্তি কিছুটা কম হয় না।
করোনাভাইরাসের এই সময়ে সেই অস্বস্তির সঙ্গে যোগ হয়েছে আতংক।
টয়লেটের দরজা খুলতে গিয়ে হাতে আবার করোনাভাইরাস লেগে যাবে না তো!
বিষয়টি চিন্তা করেই অভিনব পথ বেছে নিয়েছে জাপানের একটি বিমানসংস্থা।
বিমানের ভেতরে তারা এমন টয়লেটের ব্যবস্থা করেছে, যার দরজা খুলতে বা লাগাতে হাত লাগাতে হবে না, কনুইয়ের গুঁতোই যথেষ্ঠ।
বিমানের টয়লেটের দরজায় সাধারনত নব বা হুরকো থাকে, যা ধরে বা টেনে দরজা খোলা ও বন্ধ করতে হয়।
দরজার ওই হাতল থেকে হাতে করোনার জীবানু লেগে নাক দিয়ে ঢুকে দেহে সংক্রমণ ঘটাতে পারে- এমন আশংকা থেকেই যায়।
এমন সংক্রমণের হাত থেকেই যাত্রীদের বাঁচাতে উদ্যোগী হয়েছে জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ)।
এয়ারলাইন্সটি তাদের বিমানের টয়লেটে বসিয়েছে জীবাণুপ্রতিরোধী ‘এলবো ডোর নব’।
টয়লেটের দরজায় লাগানো এই ডোর-নব কনুই দিয়ে ঠেলে বা গুঁতো দিয়ে খোলাও যাবে, আবার লাগানোও যাবে।